নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা নগরীতে ছিনতাই প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।
তিনি জানান, নগরীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ সড়কে ওতপেতে থেকে পথচারীদের টার্গেট করত গ্রেফতারকৃত এসব ছিনতাই চক্রের সদস্যরা। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত তারা। তাদের এমন তৎপরতায় নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছিল।
ছিনতাই প্রতিরোধ এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পৃথক অভিযানে একে একে ১০ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার আড়াইওরা খানপাড়া এলাকার মো. কামাল খানের ছেলে মো. রাকিব খান, আব্দুর রহমানের ছেলে মো. ইমন, শাসনগাছা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে মো. সাকিব, সংগ্রাইশ এলাকার মিলন মিয়ার ছেলে মো. নাহিদ, শাসনগাছা এলাকার আব্দুর সামাদের ছেলে মো. শরিফ, বজ্রপুর এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রকি, গোবিন্দপুর এলাকার মো. শহিদুল্লাহর ছেলে মো. ইয়াছিন, অশোকতলা এলাকার মো. আলী ইসলামের ছেলে মো. জাহিদ, মুরাদনগর উপজেলার সাতমুড়া এলাকার শাহজাহানের ছেলে মো. সোহেল এবং পাঁচপুকুরিয়া এলাকার খালেদের ছেলে মো. রবিন।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন স্থানে ওতপেতে থেকে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
