কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে টাকা গণনার সময় এক গ্রাহকের ৪ লাখ টাকা কৌশলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে এসআই ফিরোজ আহাম্মেদ ও তানভীর হাসানসহ একদল পুলিশ ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে চুরি যাওয়া ওই গ্রাহকের ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রাহক জাকির হোসেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের চানমিয়া সরকার বাড়ির বাসিন্দা।
গ্রেপ্তার বিপ্লব হোসেন (৪০) চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। বিপ্লব হোসেন একটি সংঘবদ্ধ আন্ত:জেলার চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।
জানা গেছে, গত রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে জাকির হোসেন নামে এক ব্যক্তি জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়ে ওই টাকা পূবালী ব্যাংক দেবিদ্বার শাখা থেকে উত্তোলন করে স্ত্রী ও ছেলের বউসহ ব্যাংকের একটি সোফায় বসে গুনে গুনে ওই টাকার বান্ডিল জাকির হোসেনের পিছনে সোফায় রাখছিলেন। সোফায় এক পাশে বসা বিপ্লব হোসেন ওই টাকার বান্ডিল দুইবার হাত দিয়ে ব্যর্থ হয়ে তৃতীয়বার কৌশলে ১ লাখ টাকার চারটি বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বের হয়ে যায়। পরে টাকার হিসেব মিলাতে না পেরে হাউ মাউ করে কাঁদতে থাকেন গ্রাহক জাকির হোসেন ও তার পরিবার। টাকা চুরির পর ব্যাংকের সিসি ক্যামেরায় চুরি হয়ে যাওয়ার দৃশ্য ধরে পড়ে। পরে জাকির হোসেন রাত ১০টার দিকে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তী তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এরপর শুক্রবার সকালে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।
বিপ্লব গ্রেপ্তারের পর ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন “জরুরি প্রয়োজনে কিস্তিতে ঋণ নেওয়া টাকার বড় একটি অংশ চুরি হয়ে গিয়েছিল। পুলিশ ১ লাখ ৬১ হাজার টাকাসহ চোরকে গ্রেপ্তার করেছে। আমি আশা করি বাকি টাকাও উদ্ধার হবে।
এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ আসামি শনাক্ত ও টাকা উদ্ধারে মাঠে নামে। ভিডিও ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝিনাইদহ থেকে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। বিপ্লব সংঘবদ্ধ চোর চক্রের সদস্য । এই চক্রের সদস্যরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুরে সুযোগমত গ্রাহকের টাকা চুরি করে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করছি। শনিবার (আজ) তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
