
লর্ডস
টেস্টের প্রথম দিনে বল হাতে দাপট দেখিয়েছেন পাকিস্তানের পেসাররা। কিন্তু
দ্বিতীয় দিনে ধার ছিল না মোহাম্মদ আব্বাস-আলীদের বোলিংয়ে। ইংল্যান্ডের শেষ
উইকেট নিতে পাকিস্তান খরচ করেছে ৪৭ রান। দশম উইকেটে গাস আটকিনসন ও জশ
টাংয়ের ব্যাটিং দৃঢ়তার পর নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রান তুলেছে স্বাগতিকরা।
৯
উইকেটে ২৪৮ রান করে প্রথম দিন শেষ করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনে ব্যাট
করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার গাস আটকিনসন ও জশ টাং। এদিন
দলীয় স্কোরে গুরুত্বপূর্ণ ৪২ রান যোগ করতে পেরেছেন এই দুই ব্যাটার। ফিফটির
পথে ছিলেন আটকিনসন। কিন্তু আলী উসমানের করা বলে ৪৫ রানে থামতে হয়েছে তাকে।
এদিকে ক্যারিয়ার সেরা ৩০ রান করে অপরাজিত থাকেন জশ টাং।
এর আগে লর্ডসে
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। মোহাম্মদ আব্বাসের দাপুটে
বোলিংয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২৬ রানের মাথায় সাজঘরে ফেরেন
দুই ওপেনার। দুই উইকেটই নেন আব্বাস। আউট হওয়ার আগে এলিলিও গে ৮ ও বেন ডাকেট
১৭ রান করেন। ১৩ বলে ৪ রান করে আউট হন দলনেতা জো রুটও। এবারও ঘাতক সেই
আব্বাসই।
দ্রুত তিন উইকেট হারানোর পর চাপ সামলে নেওয়ার প্রয়াস চালান
জর্ডান কক্স ও হ্যারি ব্রুক। কিন্তু ব্যক্তিগত ১৭ রানে মোহাম্মদ আলীর করা
বলে বোল্ড হন ব্রুক। ১৭ রানে থামে ড্যান লরেন্সের ইনিংস।
এদিকে আপনতালে
খেলতে থাকা জর্ডান কক্স তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ১০৫ বলে ৫৫ রানে থামেন
তিনি। এদিকে দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন জেমি স্মিথ। ৮০ বলে ৬১
রান করেন এই ব্যাটার। এছাড়া ওলে রবিনসন শূন্য ও জোফরা আর্চার ১৪ রান করেন।
২৪৩
রানে ৯ উইকেট হারানোর পর মনে হচ্ছিলো হয়তো আড়াইশোও করতে পারবে না ইংলিশরা।
কিন্তু দশম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাট করতে থাকেন গাস আটকিনসন ও জশ
টাং। শেষ উইকেটে দুজন মিলে গড়েন ৪৭ রানের জুটি।
পাকিস্তানের সবচেয়ে সফল
বোলার মোহাম্মদ আব্বাস। সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন তিনি। তিনটি উইকেট
পেয়েছেন মোহাম্মদ আলী। আর একটি করে উইকেট নেন খুররাম শেহজাদ ও আলী উসমান।
