শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
৫ গোলের জয়ে লা লিগা শুরু বার্সেলোনার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:২০ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১২:৫৯ এএম |


    ৫ গোলের জয়ে লা লিগা শুরু বার্সেলোনার


নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। এলচেকে গোল বন্যায় ভাসিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করল হান্সি ফ্লিকের দল।
এবারের লা লিগা শুরুর আট দিন পর প্রথম মাঠে নামল গত দুই আসরের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে রোববার কাতালান দলটি জিতল ৫-০ গোলে।
দুটি করে গোল করেন রাফিনিয়া ও ফের্মিন লোপেস। অন্যটি অভিষিক্ত কারিম আডেইয়েমির। আরেক অভিষিক্ত অ্যান্থনি গর্ডন দ্বিতীয়ার্ধে বদলি নেমে করেন দুটি অ্যাসিস্ট।
প্রথমার্ধে দুটি গোল করলেও খুব একটা দাপট দেখাতে পারেনি বার্সেলোনা। বিরতির পর চেনা রূপে দেখা যায় তাদের। পুরো ম্যাচের ৫২ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১১টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। এলচের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।
সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে হতাশ করেন লামিন ইয়ামাল। নিজেদের অর্ধ থেকে এরিক গার্সিয়ার উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, কিন্তু গোলরক্ষককে একা পেয়ে ছয় গজ বক্সের সামনে থেকে উড়িয়ে মারেন এবারের বিশ্বকাপজয়ী তারকা।
গোলের জন্য যদিও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বার্সেলোনাকে। চতুর্দশ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন অধিনায়ক রাফিনিয়া। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
এলচে প্রথমার্ধে একমাত্র ভালো সুযোগটি পায় ৩৫তম মিনিটে। কিন্তু সতীর্থের ক্রসে বক্সে প্রয়োজনীয় টোকাটুকু দিতে পারেননি আলি হুয়ারি।
প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান আডেইয়েমি। ইয়ামাল খুঁজে নেন রাফিনিয়াকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের থ্রু বল বক্সে পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২৪ বছর বয়সী জার্মান উইঙ্গার।
বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জালের দেখা পেলেন তিনি।
পরের মিনিটে রাফিনিয়ার দারুণ ফ্রি-কিকে ছয় গজ বক্সের বাইরে থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি মার্ক বের্নাল।
প্রথমার্ধে বার্সেলোনা তাদের গোল দুটি ছাড়া চার শটের আর কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি। আর এলচের দুটি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।
দ্বিতীয়ার্ধে শুরুতে আরেকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ইয়ামাল। ৬৫তম মিনিটে তাকে ও আডেইয়েমিকে তুলে গর্ডন ও দানি ওলমোকে নামান কোচ।
এরপর দ্রুতই দুটি গোল পেয়ে যায় বার্সেলোনা আর দুটিতেই অবদান রাখেন গর্ডন, যিনি গত ১০০ বছরে তৃতীয় ইংলিশ খেলোয়াড় হিসেবে বার্সেলোনার মূল দলে খেলছেন (আগের দুজন গ্যারি লিনেকার ও মার্কাস রাশফোর্ড)।
৬৭তম মিনিটে গর্ডনের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ৭১তম মিনিটে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে শট নেওয়ার সুযোগ থাকলেও নেননি গর্ডন, তিনি বল দেন পাশে থাকা লোপেসকে, অনায়াসে জালে পাঠান স্প্যানিশ উইঙ্গার।
আর ৭৯তম মিনিটে প্রতিপক্ষের কফিনে পঞ্চম পেরেক ঠুকে দেন লোপেস। এস্পার্তের পাস বক্সের বাইরে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে জালে পাঠান তিনি।
এলচের বিপক্ষে লা লিগায় টানা ১১ ম্যাচ জিতল বার্সেলোনা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২