মাদকের
বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন
এলাকায় একযোগে ৪৪টি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫১৭ পিস ইয়াবা ও ৭২
কেজি গাঁজাসহ ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইশতিয়াক হাসান আমীন।
পুলিশ
কর্মকর্তা ইশতিয়াক হাসান আমীন জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে বুধবার ২০ আগস্ট
কুমিল্লা জেলা পুলিশের সব থানার উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ
জানায়, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন
স্থানে একযোগে অভিযান চালানো হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা
উদ্ধারসহ মোট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত
মামলা, মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে
আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে
যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
