আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
১৫ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাঞ্জুল হাসান (২৬)
নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকালে
উপজেলার গৌরীপুরের কাশিফুল উলুম মাদরাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
মাঞ্জুল হাসান চাঁদপুর সদর উপজেলার কুমরুয়া গ্রামের বাসিন্দা। তিনি
গৌরীপুরের কাশিফুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন। অভিযুক্ত শিক্ষক ও
ভুক্তভোগী ছাত্র একই মাদরাসায় থাকতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ
ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত আনুমানিক
আড়াইটার দিকে ওই ছাত্র মাদরাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় মাঞ্জুল
হাসান কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তিনি ছাত্রটির সঙ্গে
অপ্রাকৃতিক যৌনাচার করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে ওই
ছাত্রকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে
ওই ছাত্র মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বিষয়টি সে পরিবারের সদস্যদের কাছেও
গোপন রাখে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মাদরাসায় সে আত্মহত্যার
চেষ্টা করলে মাদরাসা কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা
ঘটনার বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগীর মা বলেন, তাঁর ১৫ বছর বয়সী ছেলে
দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ঘটনার পর অভিযুক্তের ভয়ে সে কাউকে
কিছু জানায়নি। পরে আত্মহত্যার চেষ্টা করার সময় পরিবারের কাছে পুরো ঘটনা
খুলে বলে। এরপর তাঁরা বিষয়টি পুলিশকে জানান।
দাউদকান্দি মডেল থানার
পরিদর্শক (তদন্ত) সামছুল আলম বলেন, বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে
গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়েছে।
