বেসরকারি
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১
আগস্ট) বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ২৭ আগস্ট
পর্যন্ত।
তবে নির্দিষ্ট ৭ শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য
আবেদন করতে পারবেন না। আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে
প্রবেশ করলেই এসব শর্ত ও নির্দেশনা দেখা যায়।
বদলির আবেদনে যে ৭ শর্ত
১. একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
২.
নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে নিজ জেলায় ৩টি বা তার বেশি
প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করতে পারবেন না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৪.
‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করার
ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী/ স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে
আবেদন করা যাবে না।
৫. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) নিজ জেলা’
ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী/ স্ত্রীর নিজ
জেলা একই হলে আবেদন করা যাবে না।
৬. আবেদন করার জন্য বর্তমান চাকরির
মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ না হলে
বদলির জন্য আবেদন করা যাবে না।
৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
এসব
শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না।
আবেদন করার আগে আগ্রহী শিক্ষকদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নিতে বলা
হয়েছে।
বদলি আবেদন শুরুর বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি
ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে
প্রবেশ করে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা
আবেদন করতে পারবেন। আবেদনের আগে সংশ্লিষ্ট শিক্ষককে নিজের তথ্য ও যোগ্যতা
যাচাই করে নিতে হবে।
