কুমিল্লার
লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ইসরা মাদরাসা
(বালিকা) থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ
শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদরাসার সাপ্তাহিক
অ্যাসাইনমেন্ট ও পাক্ষিক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও
পুরস্কৃত করা হয়।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বাগমারা উত্তর বাজারে অবস্থিত আল-ইসরা মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজিরের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মাদুল্লাহ।
মাদরাসার শিক্ষক মুজাম্মেল ইবনে মুসলিমের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, দারুল কুরআন
মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম, তানজিমুল উম্মাহ মাদরাসার
অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন, কুমিল্লা মহানগর মডেল মাদরাসার অধ্যক্ষ
নূরে আলম সিদ্দিকী, আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ সালেহ,
হলদিয়া ওসমানিয়া মহিলা দাখিল মাদরাসার প্রভাষক মাওলানা মোশারফ হোসাইন এবং
আল-ইসরা মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ইসমাইল হোসেন শামীমসহ অন্যরা।
অনুষ্ঠানে
মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির বলেন,
“আমাদের মাদরাসার শিক্ষার্থীরা টানা ছয়বার দাখিলে শতভাগ পাসের কৃতিত্ব
অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তিতেও আমাদের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।
শিক্ষকদের খেদমত, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের
সমন্বিত ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদুল্লাহ বলেন, “আল-ইসরা মাদরাসা থেকে দাখিল
পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি শুধু
প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো উপজেলার শিক্ষার সার্বিক চিত্রের জন্যও একটি
ইতিবাচক বার্তা।”
এ বছর আল-ইসরা মাদরাসা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল
পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ৩ জন জিপিএ-৫
এবং ১০ জন জিপিএ-৪ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—সানজিদা
ইসলাম, মাইমুনা ইয়াসমিন ও সামিয়া আক্তার। জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীরা
হলেন—আনিকা তাবাসসুম, মারিয়াম, জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আফরিন মীম, নুসরাত
আক্তার, ফারহানা ইয়াসমিন ইভা, মাইমুনা আক্তার মিমি ও সুইটি আক্তার।
এর
মধ্যে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সানজিদা ইসলাম ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১
হাজার ১০০ নম্বর পেয়ে লালমাই উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছেন।
অনুষ্ঠানের
শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের শ্রেণিশিক্ষকদের সম্মাননা ক্রেস্ট এবং
জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে দেশ, জাতি ও মাদরাসার সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের
মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
