কুমিল্লার
বরুড়া পৌর সদর বাজারে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা
বাস্তবায়নে বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
আসাদুজ্জামান রনি।
রাত ৮টার দিকে তিনি পায়ে হেঁটে বরুড়া পশ্চিম বাজার
থেকে পূর্ব বাজার পর্যন্ত পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দোকানে গিয়ে
ব্যবসায়ীদের রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার প্রশাসনের নির্দেশনা মেনে
চলার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে
ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ। তারা ব্যবসায়ীদের সঙ্গে
কথা বলে নির্ধারিত সময়ের পর দোকান বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা
দেন।
প্রশাসনের এ তদারকিতে স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ ও
বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মো. ইলিয়াছ আহমদ, বাজার কমিটির দায়িত্বশীল জসিম উদ্দিন চৌধুরী, পৌর
ছাত্রদলের সভাপতি পাভেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার
আসাদুজ্জামান রনি বলেন, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
রাত ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া
হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।
তিনি ব্যবসায়ীদের প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
