আগামী
২৬ আগস্ট যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে
মিলাদুন্নবী (সা.) পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দেশের সব
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া
হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হযরত মুহাম্মদ
(সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনার পাশাপাশি ইসলামের শান্তি, প্রগতি,
সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক
আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে।
এ ছাড়া দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি
কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি,
ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ
বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি পালন করা
হবে।
এদিকে রাষ্ট্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে সব বিভাগ, জেলা ও উপজেলা
প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ তাদের নিজস্ব
অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
