বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
আড়াই লাখ টাকার অনুদানে হকি লিগ ফিরছে ৩ বছর পর
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৬ এএম আপডেট: ১৯.০৮.২০২৬ ১:৪২ এএম |

আড়াই লাখ টাকার অনুদানে হকি লিগ ফিরছে ৩ বছর পর


ঘরোয়া হকির দ্বিতীয় স্তর ঢাকার প্রথম বিভাগ লিগ সর্বশেষ হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে হয়েছে প্রিমিয়ার লিগ। সে বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর ফেডারেশন পরিচালনার দায়িত্বে আসা অ্যাডহক কমিটি চেষ্টা করেও প্রথম বিভাগ লিগ আয়োজন করতে পারেনি।
নানা জটিলতা পেরিয়ে এক পর্যায়ে প্রথম বিভাগের ক্লাবগুলো (১১টি) ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের দাবি তোলে ফেডারেশনের কাছে; কিন্তু ফেডারেশন তা দিতে পারেনি, লিগও হয়নি।
অবশেষে প্রথম বিভাগ লিগ মাঠে ফেরাতে হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি উদ্যোগ নিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক প্রথম বিভাগের প্রতিটি ক্লাবকে ২ লাখ ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ইচ্ছার কথা জানালে বরফ গলতে শুরু করে।

আজ ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বিভাগ লিগ কমিটির প্রথম সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদকের এই প্রস্তাবে আশ্বস্ত হয়ে লিগের ১১টি ক্লাবই খেলায় ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। হকি ফেডারেশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ১১টি ক্লাবের প্রতিনিধিরা ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার ও প্রথম বিভাগ লিগ কমিটির চেয়ারম্যান হারুন-অর-রশিদ। 
সভায় ঠিক হয়েছে, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর প্রথম বিভাগ লিগের খেলোয়াড় দলবদল হবে। ২০ সেপ্টেম্বর থেকে খেলা মাঠে গড়াবে। প্রথম বিভাগে স্থানীয় খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দিতে ও নতুন প্রতিভার খোঁজে এবারের লিগে কোনো বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন না। সর্বশেষ লিগে দুজন করে বিদেশি খেলোয়াড়ের কোটা ছিল।
এবার প্রতিটি ক্লাব বিকেএসপি থেকে সর্বোচ্চ চারজন এবং তিন বাহিনী থেকে সর্বোচ্চ চারজন করে খেলোয়াড় দলে নিতে পারবে। লিগ হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।
প্রিমিয়ার লিগ আয়োজন করতে হলে আগে প্রথম বিভাগ শেষ করতে হবে। প্রথম বিভাগ শেষে প্রিমিয়ার আয়োজন করতে চায় হকি ফেডারেশন।
 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২