
নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার পদুয়ার বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন ও সড়ক
প্রশস্ত করার লক্ষ্যে বাজারটি পেছনের দিকে স্থানান্তরের সম্ভাব্য স্থান
পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
পরিদর্শনকালে
বাজারটি পেছনের দিকে স্থানান্তর করে সড়কের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন
চলাচল স্বাভাবিক করার সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এ
সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
মোহাম্মদ মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব
চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মজুমদার, ২২ নম্বর
ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ এবং বাজার কমিটির সদস্যরা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা
জানান, বাজারের অবস্থান ও সড়কের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে
বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ
নেওয়া হবে। এতে পদুয়ার বাজার এলাকায় যানবাহন চলাচল সহজ হওয়ার পাশাপাশি
স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
