কুমিল্লার
চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মিরাখলা
প্রবাসী সমাজকল্যাণ পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে মৃত
আলী মিয়ার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মৃত আলী মিয়া জিন্নত
আলী প্রধানিয়া বাড়ি মৃত আজিজ প্রধানের পুত্র। শনিবার (১৫ আগস্ট) বিকেলে
মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পক্ষে মাওলানা মো. জসিম উদ্দিন এ
আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গল্লাই ইউনিয়নের ৯ নম্বর
ওয়ার্ডের সদস্য আব্দুল আলীম এবং মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদস্য
মো. শিব্বির আহমেদ।
মিরাখলা জিন্নত আলী প্রধানিয়া বাড়ির প্রয়াত মো.
আলী মিয়ার ওয়ারিশ মো. শিব্বির আহমেদ অনুদানের অর্থ গ্রহণ করেন। প্রয়াত আলী
মিয়া ছিলেন একজন খেটে খাওয়া দিনমজুর। সরল ও হাস্যোজ্জ্বল স্বভাবের এই
মানুষটি জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও কঠোর পরিশ্রম করে পরিবার চালাতেন এবং
এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।স্থানীয়রা
জানান, শুধু আলী মিয়ার পরিবার নয়, মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।
ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজেও সংগঠনটি
সহযোগিতা করে থাকে।২০২০ সালে মিরাখলা গ্রামের কয়েকজন প্রবাসী তরুণের
উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রবাসে কঠোর পরিশ্রম
করে উপার্জিত অর্থের একটি অংশ সমাজের মানুষের কল্যাণে ব্যয় করে আসছেন
সংগঠনের সদস্যরা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং
সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহায়তা দেওয়াই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
মিরাখলা গ্রামের বাসিন্দারা বলেন, প্রবাসে থেকেও গ্রামের মানুষের সুখ-দুঃখে
পাশে দাঁড়াচ্ছেন সংগঠনের সদস্যরা। তাঁদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে
পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করছে। এতে গ্রামের সাধারণ
মানুষও সন্তোষ প্রকাশ করেছেন।
