শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লায় আট মাসে ৯৩ হত্যাকাণ্ড!
তরিকুল ইসলাম তরুন
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:২৭ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১২:৫৮ এএম |

 কুমিল্লায় আট মাসে ৯৩ হত্যাকাণ্ড!
কুমিল্লায় একের পর এক খুন, চুরি, ডাকাতি, মাদককারবারীদের ঝনঝনানী, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইয়ের দৌরাত্ম্য নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়  উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই  পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ৯৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বছরের ডিসেম্বর মাসে ৯টি, জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ৯টি, এপ্রিলে ১৬টি, মে মাসে ৭টি, জুনে ১০টি এবং জুলাইয়ে ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ২২টি।
এ ছাড়া গত ছয় মাসে কুমিল্লায় ৩৩৩টি চুরি, ৩৫টি ডাকাতি ও ১৪টি অপহরণের ঘটনা ঘটেছে। এসব অপরাধের পাশাপাশি ছিনতাই, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা ও সচেতনমোহল।
নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকলেও তাদের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ রয়েছে। স্কুল-কলেজকেন্দ্রিক এলাকাতেও কিশোর গ্যাংয়ের অবস্থান রয়েছে বলে স্থানীয়দের দাবি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে মাদক, বেকারত্ব, কিশোরদের বিপথগামিতা এবং সামাজিক অবক্ষয়কে দায়ী করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের বয়স নির্ধারণ নিয়ে অনেক সময় আইনি জটিলতা দেখা দেয়। স্কুলের সার্টিফিকেটে প্রকৃত বয়সের পরিবর্তে বেশি বয়স দেখানো কিংবা বয়স গোপন করার প্রবণতাও রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
কুমিল্লা জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। গত মাসে ১৯২ জন ছিনতাইকারীকে আটক করার তথ্যও উঠে এসেছে।
সংশ্লিষ্টদের মতে, শুধু আইন প্রয়োগ করে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদেরও কিশোরদের বিপথগামিতা রোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করছেন তারা। এছাড়া যেকোন সময়ের তুলনায় বর্তমানে কুমিল্লা নগরীর মধ্যে ছিনতাই চুরির ঘটনা অতিরিক্ত বেড়েছে।গত ১৩ ই অগাষ্ট বিকালে নগরীর পুরাতন চৌধুরী পাড়ার মরহুম মোখলেসুর রহমানের ছেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়, এছাড়া একই রাতে নগরীর কালিয়াজুরীর বিশিষ্ট ব্যবসায়ী বারাতের ছেলের সাইকেল চুরি করে নিয়ে যায়। পাক্কা মাথা সংলগ্ন কোড়েরপাড় এলাকায় প্রতিনিয়ত বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন করে তার চুরির ঘটনা ঘটেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২