শনিবার ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসা থেকে সরকারি বীজ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:০২ এএম |



চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে এসব বীজ স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসা পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় মাদ্রাসার সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করা হয়।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, বীজগুলো প্রায় ২০ দিন আগে কৃষকদের বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়েছিল। আরও ১৫ দিন আগে এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল।
তিনি বলেন, কী কারণে বীজগুলো এখনো বিতরণ করা হয়নি এবং কীভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। পরে চার বস্তা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বীজ তিনি মাদ্রাসায় রেখেছিলেন। ব্যস্ততার কারণে আর বিতরণ করতে পারেননি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২