নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা
প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বুধবার (১২
আগস্ট) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার
আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক
শিশু-কিশোর এতে অংশ নেয়। অংশগ্রহণকারীদের ‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিনটি বিভাগে
ভাগ করা হয়। উন্মুক্ত বিষয়ে আঁকা ছবিগুলোতে শিক্ষার্থীরা প্রকৃতি,
দেশপ্রেম, মানবিকতা, গ্রামীণ জীবন ও স্বপ্নের বাংলাদেশকে নান্দনিকভাবে
ফুটিয়ে তোলে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতা
শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিল্পচর্চার মাধ্যমে শিশু-কিশোররা সুস্থ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক
হিসেবে গড়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার এস.এম.টি. কামরান হাসান।
প্রতিযোগিতায়
বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইশতিয়াক মাহমুদ
ও আসফিয়া ইসলাম, কুমিল্লা আর্ট কলেজের অধ্যক্ষ সুলতান শাহরিয়ার, জেলা
শিল্পকলা একাডেমির আর্ট প্রশিক্ষক মোহাম্মদ শাহীন এবং কুমিল্লা আর্ট কলেজের
প্রশিক্ষক ছামিউল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্য কুমিল্লার
সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক আলমগীর কবিরসহ জেলা শিল্পকলা
একাডেমির প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মাহতাব সোহেল ও রোমানা রুমি।
