কুমিল্লায়
কৃষক কার্ড পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের
অভিযোগে খবির উদ্দিন (৩৬) নামে এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের পাথুরিয়াপাড়া
এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।গ্রেপ্তার খবির
উদ্দিন বরিশালের পটুয়াখালীর দশমিনা উপজেলার চৌহদ্দি এলাকার মজিদ আকন্দের
ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলতি মাসের ৬ জুলাই খবির আদর্শ সদর
উপজেলার পাথুরিয়াপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নেন। এরপর কৃষক কার্ড করে
দেওয়ার আশ্বাস দিয়ে বাড়ির মালিকসহ তার আত্মীয়-স্বজনের সাতজনের কাছ থেকে মোট
১৮ হাজার টাকা নেন। পরে তার চলাফেরা ও কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে
স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে খবির পুলিশকে
জানান, তিনি কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করতেন। এ সময় কান্দিরপাড় এলাকায়
বিজিবির পোশাক পরিহিত এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি তাকে
বিজিবির লোগোসংবলিত একটি রেইনকোট ও একটি পরিচয়পত্র দিয়ে বিজিবিতে চাকরির
সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখান। তার কথা মতো সেই সূত্র ধরেই তিনি কৃষক
কার্ড করে দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু
করেন।আটকের সময় খবির ওই ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি
মারধরের শিকার হওয়ার কথা জানালে অপর প্রান্ত থেকে তাকে জাতীয় জরুরি সেবা
৯৯৯-এ ফোন করার পরামর্শ দেওয়া হয়। পরে খবির নিজেই ৯৯৯-এ কল করলে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে থানায় নিয়ে আসে।এদিকে সরকার আগেই সতর্ক করে
জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষক কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ
করা হচ্ছে। কার্ড করে দেওয়ার নামে কোনো ধরনের অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ
এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযুক্তের দেওয়া তথ্য যাচাই-বাছাই
শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রতারণার এ ঘটনায়
আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
