দাউদকান্দি
মডেল থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের পৃথক বিশেষ অভিযানে ডাকাতি ও
চুরি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯
জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের
হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালী থানাসহ বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা
হলো, মো. আলাউদ্দিন (৩০), মো. আনিছ (২৯), মো. আলী আক্কাস (৩৫), সুমন (৩০),
মো. রবিউল আওয়াল (৩৭) এবং মো. করিম ওরফে আব্দুল মতিন (২৯)।
পুলিশ
জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত
স্বর্ণ চুরির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় স্বর্ণ
চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. আলাউদ্দিনের
বিরুদ্ধে ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।
এছাড়া, এসআই
মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মারামারি মামলার দুই
আসামি মো. আলম (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেন। তারা
দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকার বাসিন্দা।
অন্যদিকে, এসআই রবিউল
ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেলকে
(২৬) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার চরকখোলা এলাকার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
