ব্রাহ্মণপাড়া
সংবাদদাতা: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক
অভিযান চালিয়ে ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি
পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ শনিবার (২৫ জুলাই)
ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, ফুচকা, বিভিন্ন ধরনের চকলেট, গরু, বাজি, শাড়ি,
নবরত্ন তেল, ইমামি সেভেন অয়েল, ভ্যাসমল, স্কিন সাইন ক্রিম ও একটি
মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা
গেছে, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের
দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা
হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং
উপজেলার সালদানদী, শশীদল ও খারেরা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার
মাদলা ও খাদলা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক
অভিযান চালায়। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা
হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলে
জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী
সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মাদক এবং
চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা
অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব
চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
