নিজস্ব
প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে উল্টোপথে চলাচলকারী
অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা,
সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে
গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
সংবাদ
সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গত মঙ্গলবার সকালে নিমসার
বাজারে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা
পুলিশের একটি দল উল্টোপথে চলাচলকারী কয়েকটি অবৈধ থ্রি-হুইলার (ইজিবাইক ও
অটোরিকশা) আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। বেলা সাড়ে
১১টার দিকে ওই এলাকায় উল্টোপথে আসা একটি ইজিবাইককে আটক করে চালককে
জিজ্ঞাসাবাদ করে। এসময় ওই চালক পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে ওই চালক চিৎকার-চেঁচামেচি করলে প্রায় ১০০/১৫০ জন থ্রি-হুইলার ও
অটোচালকরা সংঘবদ্ধভাবে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল
মো. ইউসুফ আলী ও মো. রাব্বি ইসলাম আহত হন। একই সঙ্গে পুলিশের একটি ডাবল
কেবিন পিকআপে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে
পুলিশ। এ ঘটনায় ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ শাহাবুদ্দিন সরকার
বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে বুড়িচং
থানায় মামলা দায়ের করেন।
জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান,
ঘটনাস্থলের ভিডিও ফুটেজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও
বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ
(ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে জেলার বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
