ইউরোপা লিগ থেকেও বিদায় বার্সেলোনার
Published : Saturday, 16 April, 2022 at 12:00 AM
গোটা
ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে থাকল বার্সেলোনা কিন্তু একের পর এক আক্রমণ করে
গোল আদায় করে নিয়ে ম্যাচ জিতে নিল জার্মান ক্লাবটি। প্রথমার্ধে দুই গোলের
পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল ফ্রাঙ্কফুর্টকে নিয়ে গেল সেমিফাইনালে। শেষ দিকে
বার্সেলোনার দুই গোল কোনো কাজে দেয়নি।
ন্যু ক্যাম্পে বৃহস্পতিবার রাতে
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে
দিয়েছে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট।
প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগের অগ্রগামীতায় ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে জার্মান ক্লাবটি।
পুরো
ম্যাচে ৭৫ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার পায়ে। তবে প্রতিপক্ষের পোস্টে
মোটে দশবার শট নিয়ে চার বার লক্ষ্যে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। বল দখলে
পিছিয়ে থাকলেও আক্রমণে ঢের এগিয়ে ছিল ফ্রাঙ্কফুর্ট। ১৫ শটের সাতটি শট
লক্ষ্যে রেখে তিনটি গোল আদায় করে জার্মান ক্লাবটি।
শুরুর চার মিনিটেই
গোল পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। সফল স্পট কিকে ফিলিপ কোস্তিক এগিয়ে নেয়
সফরকারীদের। ৩৬ মিনিটে রাফায়েল সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুণ করে
ফ্রাঙ্কফুর্ট। ফিলিপ কোস্তিকের পাসে দারুণ গোল করেন কলোম্বিয়ান এই
ফরোয়ার্ড। প্রথমার্ধে ফ্রাঙ্কফুর্টের পোস্টে মাত্র দুটি শট নেয় জাভির দল।
দ্বিতীয়ার্ধে
ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু দরকারি গোলের দেখা পাচ্ছিল
না। উলটো ৬৭ মিনিটে কোস্তিকের গোলে ব্যবধান ৩-০ করে ফেলে ফ্রাঙ্কফুর্ট।
জার্মান ক্লাবটি যখন জয়ের সুবাস পাচ্ছিল তখন যোগ করা সময়ে দুই গোল করে
ম্যাচ জমিয়ে তুলে বার্সেলোনা। কিন্তু ম্যাচের রেজাল্টে কোনো ছাপ ফেলাতে
পারেনি। ৯১ মিনিটে বক্সের বাইরে থেকে সের্হিয়ো বুৎস্কেতের গোল ম্যাচে ফেরার
আভাস দেয়ার পর মেম্ফিস ডিপাইয়ের পেনাল্টি গোল শুধু ব্যবধানই কমিয়েছে।