ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সুবর্ণজয়ন্তীতে রাজস্ব আহরণে সুবর্ণরেখা
Published : Sunday, 12 December, 2021 at 12:00 AM
সুবর্ণজয়ন্তীতে রাজস্ব আহরণে সুবর্ণরেখাড. মোহাম্মদ আবদুল মজিদ ||
স্বাধীনতার দুদশকের মাথায় মূলত এবং মুখ্যত নব্বইয়ের দশকেই বাংলাদেশে রাজস্ব আহরণে ঊর্ধ্বমুখী অগ্রযাত্রা শুরু। ১৯৯১-এর শুরুতে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাপনায় পরিচালিত সাধারণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে। বাংলাদেশে ট্রেডিং নির্ভরতা থেকে উৎপাদনমুখী অর্থনীতির নবযাত্রা শুরু হয় সেখান থেকেই। প্রথম বছরেই মূল্য সংযোজন কর আইন পাস ও প্রবর্তিত হয়। বিরানব্বই সালে জাতীয় রাজস্ব বোর্ডের লোকবল ও কর্মকাঠামোয় প্রথম সম্প্রসারণ ও সংস্কার আনা হয়। সে সময় বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য উৎপাদন ব্যবস্থায় নতুন উদ্যম নতুন উদ্যোগ সংযোজিত হওয়ায় অর্থনৈতিক খাতের ব্যাপক প্রসার ঘটে, এ দশকেই তিনবার (১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯) ঘোষিত হয় সংশোধিত শিল্পনীতি। ১৯৯৩ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন, প্রাইভেটাইজেশন বোর্ড প্রতিষ্ঠা, সাউথ এশিয়ান প্রিফারেনসিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট (সাফটা) চুক্তি স্বাক্ষরিত এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট পাস হয়। ১৯৯৪ সালে প্রথম সেলুলার ফোন পদ্ধতি চালু, ১৯১৩ সালের কোম্পানি আইন প্রথম সংশোধন, টাকাকে চলতি হিসাবে লেনদেনের জন্য রূপান্তরযোগ্য ঘোষণা, বাংলাদেশের আন্তর্জাতিক অর্থ তহবিলের ৮নং আর্টিকেলের মর্যাদা লাভ এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ আইন ও বিধিমালা জারি হয়। ১৯৯৫ সালে ইন্টারন্যাশরাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ (আইসিসিবি) গঠিত হয় এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চালু হয়। ১৯৯৬ সালে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাওয়ার সেল গঠন, গ্রাসাধার বিধিমালা জারি, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা, প্রাইভেট এক্সপার্ট প্রসেসিং জোন আইন পাস, প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসি ঘোষণা। দশকের প্রথমার্ধে ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ উৎপাদন তথা আর্থিক খাতে যুগোপযোগী আইন প্রবর্তন, নীতি-নিয়ম-পদ্ধতিতে পরিবর্তন ও সংস্কার সাধিত হওয়ার ফলে রাজস্ব আহরণের উপায় উন্নতি দৃশ্যগ্রাহ্য হয়।
নব্বইয়ের দশক থেকেই বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। ১৯৮৭-৮৮ সালে আমদানির পরিমাণ ছিল ২৯৮৬ মি: মা: ড:, ১৯৯২-৯৩ সালে তা ৩৯৮৬ মি:মা:ড: এবং ১৯৯৭-৯৮ সালে ৭৫৪৫ মি:মা:ড এ পৌঁছায়। অপরদিকে যে রপ্তানি ১৯৯৭-৯৮ সালে ১২৩১ মি:মা:ড, ১৯৯২-৯৩ সালে তা প্রায় দ্বিগুণ ২৩৮৩ মি:মা:ড: এবং ১৯৯৭-৯৮ সালে রেকর্ড ৫১৬১ মি:মা:ড এ দাঁড়ায়। আমদানি-রপ্তানি বাণিজ্যের অতি প্রাগ্রসরমান এ তথ্য-উপাত্ত পরিসংখ্যান নির্দেশ করে একটি দ্রুত গতিশীল অর্থনীতির এবং সেই সঙ্গে বৃদ্ধি পায় আমদানি শুল্ক, আয়কর এবং মূল্য সংযোজন কর আহরণের ক্ষেত্র বিস্তৃতির অবকাশ। কিন্তু প্রণিধানযোগ্য যে এ দশকে আমদানি-রপ্তানি শুল্ক ও মূসক তথা কাস্টমস বিভাগে রাজস্ব আয় বৃদ্ধি পেলেও আয়কর বিভাগের আয়ে অগ্রগতি সমানুপাতে আসেনি।
১৯৯১ সালে মূল্য সংযোজন কর আইন পাস এবং প্রবর্তন বাংলাদেশের রাজস্ব আহরণ ইতিহাসে একটি নতুন মাইলফলক, অবশ্যই একটি ইতিবাচক এবং দূরদর্শী পদক্ষেপ। বাংলাদেশে ভ্যাট আইন প্রবর্তনের প্রাক্কালে তৎকালীন আর্থ-সামাজিক রাজনৈতিক পরিবেশে যে আন্দোলন আলোড়ন সৃষ্টি হয়েছিল, বাংলাদেশে অনুরূপ অন্য কোনো আইন প্রবর্তনের সময় এত সমালোচনা ও বিরোধিতা অতীতে হয়নি। বিরোধিতার প্রবল আন্দোলনের মুখেও মূসক আইনটি পাস ও প্রবর্তনে দৃঢ়তা প্রদর্শন এবং দূরদর্শিতার পরিচয় দেয় সমকালীন সরকার। প্রকৃত প্রস্তাবে আবহমানকাল থেকে চলে আসা ১৯৩০ সালের সেল অব গুডস অ্যাক্ট বা বিক্রয় কর ব্যবস্থাপনা এবং ১৯৬৯ সালের কাস্টমস অ্যাক্টের সংশ্লিষ্ট ও প্রযোজ্য কিছু ধারা-উপধারার প্রতিস্থাপন হিসেবে মূল্য সংযোজন কর (অধুনা বিশ্বে অনেক দেশে যা জিএসটি হিসেবেও চালু আছে) প্রবর্তনের অনিবার্যতা অনস্বীকার্য হয়ে উঠেছিল। যদিও এ আইনের প্রতি দেশের ব্যবসা-বাণিজ্য পরিবেশ ইতিবাচকভাবে সাড়া দিতে প্রস্তুত ছিল না। যথারীতি বিশ্বব্যাংক এবং আইএমএফের পরামর্শ ও দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গবেষণা টিমের মাধ্যমে পরিচালিত সমীক্ষার মাধ্যমে ভ্যাট আইন প্রণয়নের উদ্যোগ থাকলেও বাংলাদেশের অর্থনীতি তৎকালীন প্রেক্ষাপটে পুরোপুরি ছিল অন্যরকম অধ্যায়ে। ফলে ভ্যাট আইন অনুধাবন এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা-পর্যলোচনার সুযোগ হয়তো তেমনভাবে নেওয়া হয়নি বা নেওয়া যায়নি এবং একই সমতলে অর্থনৈতিক অগ্রগতি দ্রুত বেগবান হওয়ার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি ধারণ ও ব্যাখ্যার সুযোগ নতুন আইনে ততটা ছিল না। দেশের অর্থনীতি তখন সবে ট্রেডিং ও আমদানিনির্ভরতা থেকে উৎপাদন ও রপ্তানিমুখী হওয়ার পথে, বাজার অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বেশ বেগবান, ভোগ ও সঞ্চয় পরিস্থিতিতে আসা পরিবর্তন, সব মিলিয়ে এ প্রেক্ষাপটে মূল্য সংযোজন কর প্রবর্তনটি ছিল যুগান্তকারী ঘটনা। ভ্যাট আইন প্রবর্তিত হওয়ার আগ পর্যন্ত বিক্রয় কর থেকে অর্জিত রাজস্ব আয়ের পরিমাণ ছিল সামান্য। ১৯৮৭-৮৮ সালে বিক্রয় কর বাবদ রাজস্ব আয় ছিল ৫৪৩ কোটি টাকা, সে তুলনায় ১৯৯২-৯৩ অর্থবছরে অর্থাৎ ভ্যাট আইন প্রবর্তনের পরের বছরই ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ রাজস্ব আয় হয় ১৭৬৩ কোটি এবং ১৯৯৭-৯৮ সালে সে আয় ৩৪৬৩ কোটি টাকাতে দাঁড়ায়।
প্রসঙ্গত যে, তখন পর্যন্ত শুধু আমদানি শুল্কই ছিল রাজস্ব আয়ের অন্যতম উৎস। মূল্য সংযোজন কর প্রবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও বিপণন এবং আমদানি-রপ্তানি বাণিজ্য ক্ষেত্রে সম্পূরকসহ শুল্ক হিসাবায়ন ও আদায় অভিযাত্রায় একটি গুণগত পরিবর্তন সূচিত হয় এবং উঠে আসে ভোক্তা কর্তৃক প্রদত্ত পরোক্ষ (পণ্য ও সেবা) কর হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধির তাগিদ। তবে প্রথমদিকে এ ব্যবস্থায় অভ্যস্ত হতে এবং কর দাতা ও আহরণকারী উভয়পক্ষের মধ্যে নানান অনুযোগ-অজুহাতে এক ধরনের ‘সময় নেওয়ার’ প্রবণতা লক্ষ করা যায়। অর্থনীতি যখন সবে বড় হওয়া শুরু করে, সে সময় নতুন ভ্যাট আইন হঠাৎ করে কিছুটা হলেও গোলকধাঁধার পরিবেশ সৃষ্টির দ্যোতক হিসেবে কাজ করে। পরে এর গ্রহণ ও প্রয়োগ যোগ্যতায় আনা হয় সংস্কার। ২০১২ সালে (কথিত) নতুন ভ্যাট আইনটি পার্লামেন্টে নতুন মোড়কে পাস করা হলেও, ১৯৯১ সালের মতো ব্যবসায়ীদের অব্যাহত অনুযোগ-অজুহাত এবং যা মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণের দীর্ঘসূত্রতায়, সর্বোপরি এ আইন বাস্তবায়নে দৃঢ়সংকল্প রাজনৈতিক সিদ্ধান্তের অপ্রতুলতায় এটি প্রবর্তিত হতে পারেনি গত ৭ বছরেও। তথাপিও ভ্যাট আইন প্রবর্তন ও বাস্তবায়নে বাংলাদেশ এখনো প্রতিবেশী বৃহৎ ভারতীয় অর্থনীতির চাইতে পারঙ্গমতার সঙ্গে অগ্রগামিতায় ।

বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাকে একটি স্বয়ংক্রিয় ও যুক্তিযুক্ত ভিত্তি প্রক্রিয়ার ওপর দাঁড় করানোর লক্ষ্যে এ দশকের প্রথমার্ধে গঠনমূলক বেশ কিছু উদ্যোগ গৃহীত হলেও পরবর্তীকালে সেসব প্রয়াস প্রচেষ্টায় যথাযথ ফলোআপ ছিল না। ফলে ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকা-কে রাজস্ব আহরণ আওতায় আনতে শুধু বেগ পেতেই হয়নি বা হচ্ছে না, এখানে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতিও অনুপ্রবেশ করে। শুল্ক হার নিরূপণ নির্ধারণে ট্যারিফ কমিশনের তথ্য-উপাত্ত ও যুক্তি সরবরাহের প্রশ্নে এনবিআরের সঙ্গে ট্যারিফ কমিশনের মধ্যে সমন্বয়হীনতা বেড়ে যায়, যোগাযোগ হ্রাস পায়। আমদানি পণ্যের সঠিক মূল্য নির্ধারণ ও শুল্কায়নের স্বার্থে প্রাক-জাহাজীকরণ ইন্সপেকশন পদ্ধতির প্রতি ঝুঁকে পড়ে শুল্ক বিভাগ। এখানে বিদেশি ভেন্ডরদের বাংলাদেশে এই কাজ পাওয়ার ক্ষেত্রে এবং তাদের কর্মকাণ্ডে যথেষ্ট অস্পষ্টতা ও অনিয়ম এখানে যুগলবন্দি হয়ে ওঠে। পিএসআই কোম্পানিগুলোর দায়িত্বহীনতা ও দুর্নীতির মহড়া দেখা যায়। এনবিআরের লোকবল ও কর্মপদ্ধতির উন্নয়ন অভীপ্সায় বিশেষ করে ভ্যালুয়েশন এবং শুল্কায়নে স্বয়ংক্রিয় পদ্ধতি প্রয়োগের লক্ষ্যে বিশ্বব্যাংক, আইএমএফ এবং ডিএফআইডির অর্থায়নে বেশ কয়েকটি গুচ্ছ প্রকল্প (যেমন কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশন মডার্নাইজেশন বা ক্যাম; এক্সাইজ, কাস্টমস, ট্যাক্সেশন (ইটাক) ডাটা কম্পিউটারাইজেশন) বাস্তবায়নের মহড়া শুরু হয় এ দশকেই। এসব প্রকল্প মেয়াদান্তে শেষ হলেও তাদের রেখে যাওয়া সুপারিশ, প্রবর্তিত পদ্ধতি সফ্টওয়্যার প্রয়োগ বাস্তবায়ন ফলাবর্তনে সব সময় সক্রিয়তা লক্ষ করা যায়নি। বিশ্বব্যাংক এবং আইএমএফ রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনার লক্ষ্যে বেশ কয়েকটি কর্মসূচি ও স্ট্রাকচারাল রিফমর্স প্রোগ্রামের মধ্যে শর্ত (ট্রিগার) আরোপ করে তার বাস্তবায়নে চাপ দিয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ বিশেষজ্ঞদের সুপারিশ অনুসরণে ও ধারাবাহিকতা রক্ষা করা যায়নি।
এটা লক্ষণীয় নব্বইয়ের দশকে অর্থনীতিতে ব্যাপক প্রসার প্রত্যক্ষ করা গেলেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আহরণকারী দপ্তর এনবিআরের সক্ষমতা ও দক্ষতা সমহারে বাড়েনি বা বাড়ানো হয়নি। অর্থনীতিতে নতুন মাত্রা সংযুক্ত হলেও তার সঙ্গে বিদ্যমান রাজস্ব আইনগুলোকে যুগোপযোগীকরণের কাজে প্রত্যাশিত মনোযোগ ও তৎপরতা একই সমতলে লক্ষ্য করা যায়নি। বরাবরই সীমিত লোকবল ও সীমাবদ্ধ খাত থেকে রাজস্ব আহরণে নিবদ্ধ থাকতে হয়েছে এনবিআরকে। একই সঙ্গে উদীয়মান শিল্পকে সুরক্ষা দেওয়ার নাম করে, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণের উপায় ও উপলক্ষ হিসেবে ব্যাপকভাবে কর অবকাশ ও কর রেয়াত দেওয়ার মহড়ায় কাক্সিক্ষত ও বাঞ্ছিত কর রাজস্ব আহরণ বাড়েনি। বরং এসব উদ্যোগে করের ক্ষেত্র বিস্তৃতির পরিবর্তে সংকুচিত হয়েছে। যে কোনো উদীয়মান অর্থনীতিতে শিল্প উৎপাদন বাণিজ্য বিনিয়োগ বিবরে সুরক্ষার নামে প্রথম পর্যায়ে প্রণোদনা ও কর রেয়াত প্রদানের চাপ থাকে, থাকলেও একই সঙ্গে উদীয়মান করদাতাকে কর জালের মধ্যে আনার উদ্যোগে তেমন মনোযোগ যথাসময়ে আরোপিত না হওয়াটা বা এ ব্যাপারে ব্যর্থতা বা অপারগ পরিস্থিতি বাংলাদেশে রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় নেতিবাচক আবহ সৃষ্টি হয়েছে। এনবিআরের সক্ষমতা সে কারণে না বাড়ানোর ফলে প্রত্যক্ষ কর আহরণ ব্যবস্থাপনা জোরদার হয়নি যা পরবর্তীকালে পরোক্ষ করের অগ্রগতি সত্ত্বেও সমতালে বৃদ্ধি পায়নি এবং যা এখনো একমাত্র বাংলাদেশে ব্যতিক্রম, প্রত্যক্ষ কর থেকে অর্জন পরোক্ষ করের তুলনায় কম। ফলে দেশের কর জিডিপি রেশিয়ো সামাঞ্জস্যতায় আনয়নে, সমন্বয় সাধনের মাধ্যমে অগ্রগতির পথে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। নব্বইয়ের দশকে রাজস্ব আহরণের যে নবযাত্রা শুরু হয় তা কুসুমাস্তীর্ণ ছিল না। তবে এখন তা থেকে উত্তরণের জন্য তৎকালীন গণতান্ত্রিক ও রাজনৈতিক সরকারগুলোর যে সত্রিুয় ভূমিকা ছিল তাকে আরও গতিশীল রাখার সময়, সুযোগ ও অবকাশ কিন্তু এখনো রয়ে গেছে। সম্প্রতি পরিবেশ পরিস্থিতির উন্নয়নে যে সতর্ক সজাগ সক্রিয় তথা সংস্কারের যে উদ্যোগ চলমান রয়েছে, অষ্টম পঞ্চবার্ষিক কিংবা প্রেক্ষিত পরিকল্পনায় যে পথনকশা নির্দেশ করা হয়েছে তা বেগবান করতে পারলে সাফল্যের সুবর্ণ রেখা উজ্জ্বল দ্বিপ্রহরে পৌঁছে দেবে সুবর্ণজয়ন্তীর বাংলাদেশকে।
লেখক:সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান