ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রুট-মালানের জুটিতে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড
Published : Saturday, 11 December, 2021 at 12:00 AM
রুট-মালানের জুটিতে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড৬১ রান তুলতে ২ উইকেট হারালো। প্রথম ইনিংসেই স্মৃতিই যেন ফিরে এলো ইংল্যান্ড ক্যাম্পে। তবে একই গল্প হতে দেননি জো রুট ও ডেভিড মালান। দুই ব্যাটারের বিদায়ের পর সেই যে তারা দলের হাল ধরলেন, পার করে দিলেন দুই সেশন। ফলে অ্যাশেজ লড়াইয়ের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে জবাবটা ভালোই দিচ্ছে ইংলিশরা। দারুণভাবে লড়াইয়ে ফিরে গ্যাবা টেস্টের তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান।
প্রথম ইনিংসে মোটেও সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। প্যাট কামিন্সের তোপে মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে যায়। পরে ট্রাভিস হেডের ১৫২ রানের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৪২৫ রান। অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড বিপদে পড়ে। যদিও রুট ও মালানের হার না মানা হাফসেঞ্চুরিতে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে তারা। তারপরও অস্ট্রেলিয়া থেকে এখনও পিছিয়ে আছে ৫৮ রানে।
প্রথম ইনিংসের প্রথম বলেই মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন রোরি বার্নস। দ্বিতীয় ইনিংসেও এই ওপেনার সুবিধা করতে পারেননি। এবার কামিন্সের বলে অ্যালেক্স ক্যারির গ্লাভসে যাওয়ার আগে মাত্র ১৩ রানে আউট হয়ে যান। ওয়ান ডাউনে নামা মালানকে নিয়ে হাসিব হামিদ প্রাথমিক চাপ অনেকটাই কাটিয়ে উঠেছিলেন। কিন্তু স্টার্কের বলে খেই হারালেন ইংলিশ ওপেনার। ৫৮ বলে ২৭ রান করে ধরা পড়েন ক্যারির গ্লাভসে।
৬১ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ডকে পথে ফেরায় রুট-মালান জুটি। রুট দেখিয়েছেন কেন তিনি টেস্টের এক নম্বর ব্যাটার। পরিস্থিতির দাবি মিলিয়ে এবং দারুণ সব শটে ফিফটি পূরণ করেন তিনি। মালানও উপভোগ্য এক ইনিংস খেলে চলেছেন। তৃতীয় উইকেটে তারা ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি বেঁধেছেন। দুজনই হাঁটছেন সেঞ্চুরির পথে। রুট অপরাজিত ৮৬ রানে, আর মালান চতুর্থ দিন শুরু করবেন ৮০ রানে।
এর আগে হেড টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয়বার দেড়শ ছাড়ানো স্কোর গড়েন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ১৫২ রানের ঝলমলে ইনিংস। যাতে ছিল ১৪ চারের সঙ্গে ৪ ছক্কা। স্টার্ক ৬৪ বলে করেন ৩৫ রান। নাথান লায়ন ১৫। সব মিলিয়ে ১০৪.৩ ওভারে ৪২৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।
ইংলিশদের সবচেয়ে সফল বোলার ওলি রবিনসন। এই পেসার ৫৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তার সমান উইকেট নিতে মার্ক উডের খরচ ৮৫।