বশিরুল ইসলাম ।।
কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শনিবার প্রচার-প্রচারণা শেষ করে রবিবার প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ইতিহাসে এটিই প্রথম নির্বাচন। ফলে এই নির্বাচনকে ঘিরে পুরো মার্কেট এলাকায় বইছে উৎসবের আমেজ। নির্বাচনে বিভিন্ন পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মার্কেটের ১ হাজার ১২ জন ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন। একজন ব্যবসায়ী জানান, আমাদের প্রত্যাশা, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে একটি সৎ ও যোগ্য ব্যবসায়ী বান্ধব কমিটি গঠন করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
প্রধান নির্বাচন কমিশনার ও মেসার্স রেবতী স্টোরের মালিক দীপক চন্দ্র সাহা জানান, নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার রয়েছে। তিনি বলেন, আমরা নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছি। যেহেতু প্রার্থী এবং ভোটার সবাই এই মার্কেটেরই ব্যবসায়ী, তাই কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তাঁরা বদ্ধপরিকর। তিনি ভোটারদের যথাসময়ে কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
