রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃষ্টিতে কুমিল্লায় কৃষিখাতে লোকসান ১ কোটি ৩৪ লাখ
সবচেয়ে বেশি ক্ষতি শীতকালীন শাক-সবজিতে, বিপাকে সাড়ে পাঁচ হাজার কৃষক--
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১:১৬ এএম |


বৃষ্টিতে কুমিল্লায় কৃষিখাতে লোকসান ১ কোটি ৩৪ লাখরণবীর ঘোষ কিংকর।
হেমন্তের শেষ প্রান্তে শীতের আগমনী বার্তা। এ সময় মাঠজুড়ে থাকার কথা শীতকালীন নানা শাক-সবজির সমারোহ। কৃষকের চোখেমুখে ছিল নতুন ফসল ঘরে তোলার স্বপ্ন। কিন্তু গত সপ্তাহের ঘুর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে অসময়ের টানা চার দিনের বৃষ্টিতে সেই স্বপ্নে নেমে এসেছে দুশ্চিন্তার কালো ছায়া। অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লার বিভিন্ন উপজেলার শীতকালীন সবজি, সরিষা, আলু, ভুট্টাসহ নানা ধরনের ফসল। 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, যখন কৃষকরা শীতকালীন ফসল ফলানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে চাষাবাদ শুরু করেছে, ঠিক সেই সময়ে অসময়ের বৃষ্টিতে জেলায় কৃষি খাতে ক্ষয়-ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকারও বেশি। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন শাক-সবজির আবাদ। শাক-সবজি আবাদে প্রায় ৮১ লাখ ৯০ হাজার টাকার ক্ষতির প্রাথমিক তালিকা নির্ধারণ করেছে সংশ্লিষ্টরা।
ক্ষতির দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সরিষা। এ ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৪ লাখ ৩ হাজার টাকা। এছাড়া আলু, ভুট্টা, মরিচ, ধনিয়া, খিরা, পেঁয়াজ, রসুন, মাসকলাই, আখ, মিষ্টিআলু ও কালোজিরাসহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী- জেলায় ১ হাজার ৭৬ হেক্টর জমির শাক-সবজি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিষার ৩৮১ হেক্টর, আলুর ৮৩ হেক্টর, ভুট্টার ৮৭ হেক্টর, বোরো বীজতলার ৫০ হেক্টর, মরিচের ১২৭ হেক্টর, ধনিয়ার ১২০ হেক্টর, খিরার ৮৮ হেক্টর, পেঁয়াজের ১২ হেক্টর, রসুনের ৩৫ হেক্টর, মাসকলাইয়ের ৪৫ হেক্টর, আখের ৪ হেক্টর, মিষ্টিআলুর ১৭ হেক্টর এবং কালোজিরার ১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। 
এতে জেলার ৫ হাজার ৪৮০ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে। অনেক কৃষকের জমিতে সদ্য রোপণ করা সবজির চারা নষ্ট হয়েছে। আবার কোথাও জমিতে পানি জমে থাকায় গাছ হেলে পড়েছে। বিশেষ করে মুলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শসা ও অন্যান্য শীতকালীন সবজির আবাদ প্রভাব পড়েছে বেশি। এসব চাষাবাদে জেলার শুধুমাত্র চান্দিনা উপজেলায় সাড়ে ৩৮ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়। 
চান্দিনা উপজেলার ছায়কোট, শ্রীমন্তপুর, খিরাসার এলাকার কৃষকরা জানান- শীতকালীন সবজির আবাদের জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজ বপন থেকে শুরু করে চারা বেড়ে উঠার সময় অতিরিক্ত বৃষ্টিপাত ও জলাবদ্ধতা ফসলের জন্য ক্ষতিকর। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকায় গাছের শিকড় পঁচে গেছে । বৃষ্টির পর রোদের প্রচন্ড তাপেও ক্ষয়-ক্ষতি বেড়েছে। তাদের তথ্যমতে উপজেলা বা জেলা পর্যায়ের ক্ষয়-ক্ষতির তালিকার চেয়ে আরও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক। 
চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান- আমি দুইটি পৃথক জমিতে ৩০ শতাংশ  করে মোট ৬০ শতাংশ জমিতে মুলা চাষ করেছি। একটি জমির মুলা ৪-৫ ইঞ্চি হয়ে গেছে অপরটি সদ্য রোপন করেছি। বৃষ্টির আগে ফলনকৃত মুলা ক্ষেতটি ব্যবসায়ীরা ৫০ হাজার টাকা দাম-দর করে গেছেন। বৃষ্টিতে আমার পুরো জমির মুলা শেষ। অপরদিকে, সদ্য রোপনকৃত মুলা ক্ষেতে অনেক চারা মরে গেছে। সেগুলো এখন ওষুধ ছিটিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছি। 
একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারওয়ার জানান- বৃষ্টিতে বেশি সমস্যা হয়েছে লালশাক, ধনিয়াপাতা, মুলা, সরিষা, ফুলকপি, বাঁধাকপি, টমেটোর চাষাবাদে। বৃষ্টির পরবর্তীতে অতিরিক্ত আর্দ্রতায় ছত্রাকজনিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। এতে ফসলের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি কৃষকের উৎপাদন খরচও বেড়ে যেতে পারে।
তিনি আরও জানান, এ ধরনের ক্ষয়ক্ষতির প্রভাব স্থানীয় কৃষিপণ্য সরবরাহ ও বাজারেও পড়তে পারে। শীতকালীন সবজির উৎপাদন ব্যাহত হলে মৌসুমের শুরুতে বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারেন, অন্যদিকে ভোক্তাদেরও বাড়তি দামে সবজি কিনতে হতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান- আমরা প্রতিটি উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য নির্ধারণ করেছি। যে সময়টাতে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি যদি একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে কৃষকের ক্ষতির চেয়ে লাভবান বেশি হতো। টানা চারদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষক। আমাদের মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষিকর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরিচর্যা ও রোগবালাই দমনে কৃষকদের পরামর্শ দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২