শাহীন আলম ।।
চীনের জনপ্রিয় অ্যাপ উইচ্যাটে পরিচয়। এরপর ছয় মাসের প্রেম, পরে প্রেমের সম্পর্ক বিয়েতে রুপ দিতে সুদূর চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে প্রেমিকার বাড়িতে এসেছেন চীনা এক যুবক। ওই যুবকের নাম জিয়াকিয়ান (৩৪)। সে চীনের হুয়াইজিং শহরের ঝাওচিং এলাকার বাসিন্দা এবং সেখানের একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করেন। তবে প্রেমিকার পরিবার ও এলাকাবাসীর অসম্মতির কারণে বিয়ে না করেই শূন্য হাতে প্রেমিকার বাড়ি ছাড়তে বাধ্য হয় জিয়াকিয়ান। গত শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছাড়েন তিনি।
জিয়াকিয়ানের ভাষা অনুবাদ করে জানা যায়, উইচ্যাটে পরিচয়ের পর তামান্না সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। পরে গত ২০ নভেম্বর ভ্রমন ভিসায় জিয়াকিয়ান বাংলাদেশে আসেন। এসে প্রথমে তিনি ঢাকার একটি হোটেলে উঠেন। পরে শুক্রবার সে প্রেমিকা তামান্নার সঙ্গে যোগাযোগ করে তার গ্রামের বাড়ি দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুরে আসেন। এদিকে, চীনা যুবক প্রেমিকার বাড়িতে আসার খবর গ্রামে ছড়িয়ে পড়লে তামান্নার বাড়িতে ভিড় করতে থাকেন শত শত উৎসুক জনতা। তাদের কেউ কেউ চীনা ওই যুবকের সঙ্গে ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।
প্রেমিকা নুসরাত জাহান তামান্না (১৯) দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানায়, জিয়াকিয়ানের ভাষা চায়না হওয়ায় প্রথমে তার ভাষা কেউ বুঝতে পারেনি। পরে গ্রামের লোকজন মোবাইল আ্যপের মাধ্যমে তার ভাষা অনুবাদ করে তামান্নার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে পরিচয়, ছয় মাসের প্রেম ও সে তামান্নাকে বিয়ে করতে বাংলাদেশে আসেন এসব বিষয় জানতে পারি। পরে বিয়ের বিষয়ে চীনা যুবকের সঙ্গে মেয়েটির পরিবারের কথা হয়। তারা জিয়াকিয়ানের পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিয়ে দিতে রাজি হয়নি।
জিয়াকিয়ান জানায়, আমি অনেক আশা-স্বপ্ন নিয়ে বিয়ে করতে বাংলাদেশে তামান্নার বাড়িতে এসেছি। বিয়েতে তামান্নাও রাজী , সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে আসতে বলেছে। আমি প্রেমের সম্পর্ক বিয়েতে রুপ দিতে চাই। কিন্তু তামান্নার পরিবার বিয়েতে রাজী হচ্ছে না।
প্রেমিকা নুসরাত জাহান তামান্না জানান, আমাদের ভাষাগত প্রতিবন্ধকতা থাকায় বিভিন্ন অনুবাদ অ্যাপের সাহায্যে তার সঙ্গে যোগাযোগ হতো। আমি ওই চীনা যুবককে বিয়ে করে চীনে যেতে চাই। তবে আমার মা-বাবা ও গ্রামের লোকজন এই বিয়েতে রাজি নয়। দীর্ঘ আলোচনা করেও পরিবারকে রাজি করেোত পারিনি। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশের সহযোগিতায় গতকাল মধ্যরাতে জিয়াকিয়ান বাড়ি ছেড়ে চলে যায়।
নুসরাত জাহান তামান্নার বাবা আমির হোসেন বলেন, ‘আমরা গরিব মানুষ। মেয়ের সঙ্গে ওই চীনা যুবকের মোবাইলে পরিচয় হয়। সে এক মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র না থাকায় মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়নি, পরে তাকে চলে যেতে অনুরোধ জানিয়েছি।
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, মেয়েটি বিয়ের বয়স এখনো হয়নি। তার বাড়িতে চীনা যুবক আসার খবর আমাকে অনেককে জানায় পরে আমি নিজে দেখতে আসি। চীনা ওই যুবকের সঙ্গে বিয়ের কোন অনুমতিপত্র নেই। এখন দেখছি বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক বিদেশী নাগরিক প্রতারণা করেন। এই বিষয়টি তামান্নার পরিবারকে বুঝিয়েছি। পরে তার পরিবার এই বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবককে কুমিল্লায় একটি আবাসিক হোটেলে দিয়ে আসা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দেবিদ্বার সুলতানপুর গ্রামে চীনা এক যুবক বিয়ে করতে আসার খবর পেয়ে তার নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে যে মেয়ের বাড়িতে তিনি এসেছিলেন, তার পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান।
