মোঃ হাবিবুর রহমান ।।
দেশের তৃণমূল পর্যায়ের মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। চলতি অর্থবছরেই সারা দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সরকারি সম্মানী দেওয়া হচ্ছে। তবে এই সম্মানীর তালিকা থেকে আপাতত বাদ পড়ছেন মসজিদের খতিবরা। এ ছাড়া আগামী ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের পৃথক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এসব তথ্য তুলে ধরেন।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানের জনবলের সম্মানীর পূর্ণাঙ্গ চিত্র সংসদে উপস্থাপন করেন। মন্ত্রী জানান, দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের আর্থিক সম্মাননা নিশ্চিত করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
সম্মানী বিতরণের নীতিমালা ব্যাখ্যা করে ধর্মমন্ত্রী স্পষ্ট জানান, মসজিদের ক্ষেত্রে কেবল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাই এই সরকারি সুবিধার আওতায় আসবেন। মসজিদের খতিবদের আপাতত এই সম্মানীর অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে তিনি সাফ জানিয়ে দেন।
অপরদিকে, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের এক প্রশ্নের জবাবে আগামী হজ ব্যবস্থাপনার রূপরেখা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি জানান, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
হজযাত্রীদের ব্যয়ভার কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার মোট খরচের প্রায় দুই-তৃতীয়াংশই সৌদি সরকার নির্ধারণ করে থাকে। ভিসা ফি, ভ্যাট ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় কমিয়ে হজযাত্রীদের খরচ সহনীয় পর্যায়ে আনতে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে।
তৃণমূল পর্যায়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও ধর্মীয় গুরুদের সরকারি সম্মানীর আওতায় আনার এই ঘোষণায় সারা দেশের ধর্মীয় অঙ্গনে ব্যাপক স্বস্তি ও ইতিবাচক সাড়া পড়েছে।
