কুমিল্লা প্রতিনিধি: নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে উজির দিঘীর পাড়, রাজগঞ্জ ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নাগরিকদের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনজনকে জরিমানা করা হয়।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেটু কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
