বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
চান্দিনা বাস স্টেশনে অবৈধ গাড়ি পার্কিংয়ে মহাসড়কে নিত্য যানজটভোগান্তিতে চালক-যাত্রীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৯ এএম |

চান্দিনা বাস স্টেশনে অবৈধ গাড়ি পার্কিংয়ে মহাসড়কে নিত্য যানজটভোগান্তিতে চালক-যাত্রীরারণবীর ঘোষ কিংকর ।।
ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের অধিকাংশ এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও চান্দিনা-বাগুর বাসস্টেশন এলাকায় যানজট যেন নিত্যদিনের চিত্র। মহাসড়কের নির্ধারিত বাস বে দখল, অবৈধ গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং কয়েকটি পরিবহনের অনুমোদনহীন বাস টার্মিনাল গড়ে তোলার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চার লেনের মহাসড়কের একটি বড় অংশ সংকুচিত হয়ে পড়ছে। ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ।
সরেজমিনে দেখা গেছে, চান্দিনা বাসস্টেশন এলাকায় মহাসড়কের উভয় পাশে বাস থামানোর জন্য নির্ধারিত বাস বে থাকলেও সেগুলোর বেশির ভাগই রিকশা ও মারুতি গাড়ির অবৈধ স্টেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নির্ধারিত স্থানে বাস না থামিয়ে মহাসড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। বিশেষ করে ঢাকাগামী কয়েকটি পরিবহনের বাস দীর্ঘ সময় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ছে।
এ ছাড়া স্টেশন এলাকায় দরজা খোলা অবস্থায় চলাচলকারী মারুতি ও মাইক্রোবাসের অবাধ বিচরণ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং যাত্রী সংগ্রহের প্রতিযোগিতা যানজটকে আরও তীব্র করে তুলছে। প্রতিটি পরিবহনের যাত্রী ওঠানোর জন্য নির্দিষ্ট লোকজন থাকলেও তাদের মধ্যে যাত্রী সংগ্রহের প্রতিযোগিতায় চালকেরা যেখানে-সেখানে গাড়ি থামাচ্ছেন। একটি বাস যাত্রী উঠানোর জন্য ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকছে। একটি বাস স্টেশন ছাড়ার আগেই পেছনে এসে দাঁড়াচ্ছে আরেকটি বাস। ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এ এলাকায় যানজট সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে পুলিশের সার্বক্ষণিক ও কার্যকর তৎপরতা চোখে পড়ে না। ফলে দূরপাল্লার যানবাহনসহ সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কখনো কখনো যানজট দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে। এতে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়ছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মহাসড়কের চান্দিনা বাসস্টেশনের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট প্রায় তিন কিলোমিটার অতিক্রম করে গোবিন্দপুর পর্যন্ত দীর্ঘ হয়। পরে সন্ধ্যায় হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
বাসস্টেশন এলাকার চা-দোকানি আব্দুস সামাদ বলেন, ‘মহাসড়কের অন্য কোথাও যানজট না থাকলেও চান্দিনা বাসস্টেশনে প্রতিদিন যানজট থাকবেই। ঢাকামুখী লেনের এক পাশে সারাদিন আট থেকে দশটি বাস দাঁড়িয়ে থাকে। একটি বাস মহাসড়কের উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানোর কাজ করে অন্তত ২০ থেকে ৩০ মিনিট। একটি বাস যাওয়ার আগেই আরেকটি বাস এসে পেছনে দাঁড়ায়। চালকেরা যেন কারও কথাই শুনতে চান না। এভাবে যানজট নিরসন সম্ভব নয়। এখানে পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।’
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক বিল্লাল হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে চান্দিনা পর্যন্ত আসতে কোথাও যানজটে পড়তে হয় না। কিন্তু চান্দিনা বাসস্টেশনে এলেই প্রতিদিন যানজটে আটকে যেতে হয়। এখানে দীর্ঘ সময় বসে থাকতে হয়। মনে হয়, এসব দেখার মতো কেউ নেই।’
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) জানান, চান্দিনা বাস স্টেশনের যানজট নিরসনে পুলিশ কাজ করছে। পুলিশ দায়িত্ব পালন করে না, এমন অভিযোগ সত্য নয়। তাঁদের দুটি দল পৃথকভাবে দায়িত্ব পালন করছে। তারপরও এ এলাকার যানজট স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহলের মতে, চান্দিনা বাসস্টেশনের যানজট নিরসনে শুধু সাময়িকভাবে যানবাহন সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। মহাসড়কের নির্ধারিত বাস বে দখলমুক্ত করা, অবৈধ পার্কিং ও টার্মিনাল উচ্ছেদ, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং পরিবহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান ও সময়সীমা নির্ধারণ করা জরুরী। পাশাপাশি হাইওয়ে পুলিশের নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে এ এলাকায় যানজট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অন্যথায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে প্রতিদিনই যানজট ও জনদুর্ভোগের এই চিত্র অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২