বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এমপি মনির চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১:২২ এএম |


জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলী ও ঈদগাহ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান,  সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংগঠনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা জরুরি। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লার নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী এমপি বলেন, যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে দেশ থাকবে, ততদিন এ দেশ পথ হারাবে না। কোনো পতিত ফ্যাসিবাদী শক্তি এ দেশে আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ দেশের জনগণ সব দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২