দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন। এদিকে ধান সংগ্রহের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে ডিলার নিয়োগের নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও সংশোধিত নীতিমালায় প্রতি ২৫০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে কিনতে পারছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকে দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ২০৩০ সালের মধ্যে খাদ্যগুদামের ধারণক্ষমতা ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করতে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সারা দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করা হয়। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল এবং প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি নতুন খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বৈঠকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর বিচ্যুতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। আদায় করা জরিমানার অর্থের ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করা এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন তিনি।
সভাপতির বক্তব্যে আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণ, দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মণ্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
