দেশের সরকারি খাল, জলাশয় ও প্রাকৃতিক পানিপ্রবাহ অবৈধ দখলমুক্ত করা, পানিপ্রবাহ নিশ্চিত করা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস)পক্ষে সংস্থাটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এই রিট দায়ের করেন।
রিটে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দেশের সরকারি খাল, জলাশয়, নদী, প্রাকৃতিক জলাভূমি ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
রিটে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সরকারি খাল ও প্রাকৃতিক জলাশয় অবৈধভাবে দখল, ভরাট, বাঁধ ও স্থাপনা নির্মাণ এবং অনুমোদনহীন মাছ চাষের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি, কৃষি উৎপাদনে প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়ছে।
রিটে হাইকোর্টের কাছে যেসব প্রতিকার চাওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—সারা দেশের সরকারি খাল, জলাভূমি ও প্রাকৃতিক জলপথের জাতীয় পর্যায়ের জরিপ পরিচালনা; অবৈধভাবে দখলকৃত খালের তালিকা তৈরি এবং দখলদারদের পরিচয় শনাক্ত করা; সরকারি খাল ও প্রাকৃতিক জলাশয়ের অবৈধ দখল, স্থাপনা, বাঁধ ও প্রতিবন্ধকতা আইনানুগভাবে অপসারণ করা।
এ ছাড়া পানিপ্রবাহ বাধাগ্রস্তকারী অনুমোদনহীন মাছ চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত খাল ও জলপথের প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, পানি নিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে পরিবেশ, জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
রিটের বিবরণে বলা হয়, সরকারি খাল ও প্রাকৃতিক জলাশয় অবৈধ দখলমুক্ত করা এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তী সময়ে ২০২৬ সালেল ২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। এরপরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে হাইকোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি।
রিট আবেদনে বলা হয়েছে, সরকারি খাল ও প্রাকৃতিক জলাশয় অবৈধভাবে দখল এবং পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ফলে শুধু পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে না, বরং কৃষি উৎপাদন, জনস্বাস্থ্য এবং সাধারণ মানুষের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এসব জলাশয় ও জলপথ সংরক্ষণ এবং পুনরুদ্ধারে আদালতের কার্যকর নির্দেশনা প্রয়োজন।
