জাকারিয়া হোসাইন ভূঁইয়া ।।
কুমিল্লা শহরের দক্ষিণ দিকের প্রবেশপথ পদুয়ার বাজারের মরণ ব্যারিকেড আগামী ছয় মাসের মধ্যে সমাধান করা না হলে স্থানীয়দের নিয়ে তা ভেঙে ফেলার কথা জানিছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। শনিবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লার লালমাই সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ ড. আ ক ম খলিলুর রহমান। উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁইয়া। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, লালমাই থেকে কুমিল্লা শহরে প্রবেশের পথে পদুয়ার বাজারে যে মরণ ব্যারিকেড তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে জানিয়ে এসেছেন। আগামী ছয় মাসের মধ্যে এর সমাধান না হলে নিজেরাই সেটি ভেঙে দেওয়ার কথা বলেন তিনি।
তিনি বলেন, টমছম ব্রিজ দিয়ে মানুষ শহরে ঢুকতে পারে না। সেখানে আন্ডারপাসের জন্য যে টাকা দেওয়া হয়েছিল, তা মেরে খাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
দক্ষিণাঞ্চলের মানুষের কুমিল্লা শহরে প্রবেশের কোনো নির্বিঘ্ন পথ নেই উল্লেখ করে মনিরুল হক চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, লালমাই তথা লাকসাম সীমানা পর্যন্ত আগামী দশ বছরের মধ্যে সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসার বিষয়ে সরকার পরামর্শ দিয়েছে।
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, উত্তরে গোমতী নদী থেকে দক্ষিণে লাকসাম সীমানা পর্যন্ত বিস্তৃত হয়ে এবং মেট্রো ট্রেন চালুর মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশনকে দেশের সবচেয়ে বড়, সমৃদ্ধ ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। এই প্রত্যাশা নিয়েই উন্নয়নের মিছিল শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক স্তর শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. আ ক ম খলিলুর রহমান নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন মেনে নিয়মিত ক্লাস ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
