মাঝে খাবার বিতরণ
মো. হাবিবুর রহমান ।।
কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার বদলে মানবিক সেবা ও দোয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে কুমিল্লার মুরাদনগরে। জন্মদিন উপলক্ষে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন। এরপর মুরাদনগর বড় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন আয়োজকরা। জন্মদিনের এই বিশেষ আয়োজনে খাবার পেয়ে রোগী ও কোমলমতি এতিম শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।
মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা দৈনিক কুমিল্লার কাগজকে জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা জানায়।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
