নিজস্ব প্রতিবেদক : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার লালমাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বাগমারা পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
এ সময় উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আনোয়ার উল্লাহসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি তুলে ধরেন।
