ইসমাইল নয়ন।।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি ) সুলতানপুর ব্যাটালিয়ন।
শুক্রবার ( ২০ নভেম্বর ) সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি ) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর ও মাদলা বিওপি এবং কুমিল্লার বুড়িচং ও আদর্শ সদর উপজেলার শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার ওষুধ, লোশন, বাসমতি চাল, ধানের বীজ, মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৬৪ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
