নানা প্রতিকূলতা ও পরীক্ষা-নিরীক্ষার পর গত মঙ্গলবার প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ হবে বিশ্বের ৩৩তম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ। জানা গেছে, শুরুর পর টানা কয়েক মাস চলতে পারে পরীক্ষামূলক উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ও নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে আপাতত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা ইত্যাদি মোকাবিলার সক্ষমতা নিয়েই তৈরি করা হয়েছে রূপপুরের পারমাণবিক চুল্লি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটলেও এর তেজস্ক্রিয় পদার্থ মানুষের সংস্পর্শে যাবে না। প্ল্যান্ট থেকে ধোঁয়া নির্গত হবে না, শব্দও হবে না।
২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান। চুল্লিপাত্রে শক্তি উৎপাদন শুরুর পর উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হওয়ার পর জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়। রূপপুরের একটি ইউনিট চালু হলে বছরে ১০০ কোটি ডলারের জ্বালানি আমদানি সাশ্রয় করা যাবে।
বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি থেকে বাষ্প তৈরি হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। এর পরও চলবে বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।
তথ্যমতে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা খরচ হবে। ২০২৫ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়। এ সময় ডলারের দাম বাড়ার ফলে প্রকল্পের খরচও বেড়ে যায়। রূপপুর বিদ্যুৎকেন্দ্র বেশি হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে। তাই চাহিদা ব্যবস্থাপনা করা খুবই জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গ্রিডে সঞ্চালনের পরীক্ষা দক্ষতার সঙ্গে শেষ করতে হবে। তেজস্ক্রিয় বর্জ্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল, নিয়ন্ত্রক তদারকি এবং বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি অর্থায়ন কার্যকর রাখতে হবে।
দেশে পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। বাণিজ্যিকভাবে উৎপাদন-প্রক্রিয়ায় গেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকবে। এর মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি লোডশেডিং কমানো এবং জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কম হওয়ার সুযোগ রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে, এটাই প্রত্যাশা।
