নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোটেশ্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ এশা কোটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।
আলোচনা সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং জনসাধারণের প্রত্যাশাসহ আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুর রহমান শিশির এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা, এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেওয়া এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ ও সবার অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
