
পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে ইমার্জিং নেশন্স ট্রফির যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পরের ম্যাচে জিম্বাবুয়েকে হারালেও তৃতীয় ম্যাচে হেরে যায় নেদারল্যান্ডসের মেয়ের কাছে। তাতেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয় টাইগ্রেসদের। আজ নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রানে থামে থাইল্যান্ড নারী দলের ইনিংস।
রান তাড়া করতে নামা থাইল্যান্ডের শুরুটাই ভালো হতে দেননি বাংলাদেশি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। প্রথম ওভারের তৃতীয় বলেই নাথাকান চানথামকে এলবি ডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। আরেক ওপেনার পান্নিতা মায়াকে ১৭ রানে বোল্ড আউট করেন রিতুমনি।
তৃতীয় উইকেটে জুটি গড়ে থাইল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান নান্নাপাত ও নারুইমেই। তবে দলকে জয় এনে দিতে পারেননি কেউই। ফিফটি পূরণের পর ৫৭ রানে থামে নান্নাপাতের ইনিংস। আর ৩৩ রান করেন নারুইমেই। শেষদিকে ১১ বলে ১৩ রান করেন সার্নসিরে প্ল্যান্ট। এছাড়া সুথিরুয়াং ৩ ও সুয়ানচোনরাথি ৪ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মেঘলা। আর একটি করে উইকেট পেয়েছেন রিতুমনি ও জান্নাতুল ফেরদৌস।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ১৫ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। দিলারা ২ ও সাথি রানি ১২ রান করেন। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ১৬ রান।
এরপর দলনেতা সোবহানা মোস্তারিকে নিয়ে জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংসটি খেলেন তিনি। আর ২৮ রান করেন সোবহানা। এছাড়া স্বর্ণা আক্তার ১৪ ও রিতুমনি ১২ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৩২/৬ (দিলারা ২, সাথি ১২, শারমিন ১৬, নিগার ৪৫, সোবহানা ২৮, স্বর্ণা ১৪*, রিতু ১২; মায়া ৩-০-২১-০, পুত্থাওং ৪-১-২৪-১, চাতুরংগ্রাত্তানা ৩-০-২১-১, লাওমি ৪-০-২০-১, কামচম্পু ৩-০-২৩-০, প্লান্ত ১-০-১১-০, সুত্থিরুয়াং ২-০-১১-২)
থাইল্যান্ড: ২০ ওভারে ১২৯/৫ (চান্থাম ০, মায়া ১৫, কোঞ্চারোয়েঙ্কাই ৫৭, চাওয়াই ৩৩, প্লান্ত ১৩*, সুত্থিরুয়াং ৩, আফিসারা ৪*; মেঘলা ৪-১-২৪-২, দিশা ২-০-১৭-০, রাবেয়া ৪-০-২৮-০, রিতু ৩-০-২০-১, স্বর্ণা ৩-০-১২-০, জান্নাতুল ৪-০-২৭-১)
ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা
