মোঃ হুমায়ুন কবির মানিক ।।
কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি উত্তোলনের দায়ে ফয়েজ আহমদ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন পরিচালনার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাতাবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ফয়েজ আহমদ দীর্ঘদিন ধরে মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় ড্রেজার পরিচালনার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান বলেন, ‘ফসলি জমি ও পরিবেশ রক্ষায় প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। অবৈধভাবে মাটি উত্তোলন ও ড্রেজার পরিচালনার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানকালে মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ কান্দি দাসসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
