গাজী জাহাঙ্গীর আলম জাবির ।।
বিদেশফেরত অভিবাসীদের সহজে ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে সরকারি ও বেসরকারি দপ্তরের কার্যক্রমে সমন্বয় এবং উপজেলাভিত্তিক একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার।
তিনি বলেন, ‘সব দপ্তরের সেবাকে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা গেলে অভিবাসীরা এক ক্লিকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।’
আজ ১৭ নভেম্বর (মঙ্গলবার) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় বিদেশফেরতদের সহায়তায় রেফারাল মেকানিজম স্থাপনে জেলা পর্যায়ের এই কর্মশালার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক রোজী আকতার আরও বলেন, বিদেশ গমনের আগেই অভিবাসীদের চাহিদাভিত্তিক ও মানসম্মত কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। এতে তাঁরা দক্ষ কর্মী হিসেবে বিদেশে যেতে পারবেন এবং দেশে ফিরে পুনরেকত্রীকরণ প্রক্রিয়াও সহজ হবে। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট (রেফারেল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং) সাবিনা সাঈদ। তিনি জানান, ২০০৬ সাল থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাঠপর্যায়ে কাজ করছে। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রত্যাশা প্রকল্পের প্রথম ধাপ শেষে এখন দ্বিতীয় ধাপের কাজ চলছে, যেখানে শুরু থেকেই নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন বিদেশ-ফেরতদের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন, যা সেবাগ্রহীতাদের সময়, অর্থ ও ভোগান্তি কমাবে।
কর্মশালায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সুজন মিয়া জানান, ভিডিপি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার বাহিনী ইতিমধ্যে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিয়েছে। আগ্রহী ভিডিপি সদস্যরা ১০ দিনের প্রশিক্ষণ শেষে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে অভিবাসন ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ প্রতারণার শিকার হলে চুক্তিপত্র, রসিদ ও প্রয়োজনীয় প্রমাণাদি সাপেক্ষে গ্রাম আদালতের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ বা অর্থ উদ্ধার করা সম্ভব। এ জন্য অভিবাসীদের সব নথি সংরক্ষণের বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় আরও বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাইন উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা আমিন, গ্রাম আদালতের জেলা কো-অর্ডিনেটর ইকবাল হোসেন, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মো. জামাল আহমেদ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান হাসান মোহাম্মদ শাহরিয়া এবং প্রকল্পের সুবিধাভোগী সৌদি আরবফেরত নাসরিন আক্তার ও রোমানিয়াফেরত আক্তার হোসেন।
কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদেশগামী কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিবাসীদের কল্যাণে ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।
