মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইতিহাস সত্যকথা বলে
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ইতিহাস সত্যকথা বলেশান্তিরঞ্জন ভৌমিক ।।
স্মৃতি আনন্দের ও বেদনার। আনন্দ উপভোগ করে আবেগে, বেদনা শুধুই হাহাকার। আবার কিছু স্মৃতি আছে, যার মূল্য শুধু একান্ত নিজের। যেমন আমার স্ত্রীর মৃত্যুর পর তাঁর গোপনীয় জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে তাঁর ছোটবেলাকার ‘দুধের দাঁত’ দুটি যত্নসহকারে একটি কৌটায় সংরক্ষিত অবস্থায় পেয়ে যাই। এটি হয়ত তাঁর স্মৃতি ও সম্পদ ছিল, আমাদের কাছে মূল্যহীন। সে রকম আমার প্রথম ঘড়িটি পরম যত্নে সংরক্ষণ করে রেখেছি। অনেক আগেই বন্ধ হয়ে গেছে।
২০০৮ সালে কলকাতা গিয়েছিলাম। ২১দিন ছিলাম। ৪/৫দিন শান্তিনিকেতনে থেকেছি। সেখানে গিয়ে রবীন্দ্র-স্মৃতিশালা দেখে মনটা ভরে গেল। রবীন্দ্রনাথকে দেখিনি, কিন্তু তাঁর ব্যবহৃত অনেক জিনিষ চোখ দিয়ে স্পর্শ করেছি, তাতেই সুখানুভূতিতে আপ্লুত হয়েছি।
মৃত্যুর আগে যখন সিদ্ধান্ত হয়, কবিকে অপারেশন করতে হবে- সুপ্রা পিউবিক সিস্টোস্কপি-একটা ফুটো করে প্রস্রাব বেরোবার রাস্তা করে দেয়া- প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে গিয়েছিল। অপারেশনের পর পরই কবির মৃত্যু হয়। কবি নির্মলকুমারী মহলানবিশকে মৃত্যুর আগে একপত্রে লিখেছিলেন- ‘তুমি যদি সত্যি বন্ধু হও, তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ^কবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দেমাতরম এই রকম জয় ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে। আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে।’
যখন রবীন্দ্রনাথের ৮০ বৎসর ৩ মাস অতিক্রান্ত হলো, তিনি ইহলোক ত্যাগ করলেন। নির্মলকুমারী মহলানবিশ ‘২২ শে শ্রাবণ’ (কবির মৃত্যুর তারিখ) স্মৃতিকথায় লিখলেন-
‘বেলা তিনটার সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমিষে আমাদের সামনে থেকে সেই বরবেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল। যেখানে বসেছিলাম সেইখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম। শুধু কানে আসতে লাগল- ‘জয় বিশ^কবির জয়’, ‘জয় রবীন্দ্রনাথের’, ‘বন্দেমাতরম’।
প্রাণহীন রবীন্দ্রনাথের ইচ্ছা বা আকাক্সক্ষা মৃত্যুর পরবর্তীতে রক্ষিত হলো না। এ নিয়ে যখন শান্তিনিকেতনে এক সমাবেশে কথা চলছিল, তখন অবাক হওয়ার মতো অনেক স্মৃতিকাতরতার কথা শুনলাম।
১. রবীন্দ্রনাথের জীবতাবস্থায় অনেকেই তাঁর লেখনী অর্থাৎ কলম চুরি করে নিয়ে যেতো। তাদের ধারণা এ কলম দিয়ে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখা যাবে। তা কি সম্ভব ? সম্ভব না হলেও কয়েকজনের নাম উচ্চারিত হলো (আমি চিনি না, কখনও নাম শুনিনি) তারা পরম যত্নে কারুকার্যময় আধারে সে কলম যত্ন সহকারে সংরক্ষিত করে রেখেছেন। তাদের বাড়ি অচেনা কেউ গেলে গর্বের সাথে বানানো ইতিহাস তৈরি করে রবীন্দ্র-সান্নিধ্যের কথা শুনিয়ে থাকেন। তিনি যে চুরি করে কলমটি এনেছেন, এটা কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। রবীন্দ্রস্মৃতিই পারিবারিক গর্বের বিষয়।
২. রবীন্দ্রনাথের মরদেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, বলতে শুনেছি- কবির চুল-দাঁড়ি টেনে-ছিঁড়ে অনেকেই নিয়ে গেছে এবং এখন পরম যত্নে সংরক্ষণ করে রেখেছেন। কালেভদ্রে এ নিয়ে আবেগঘন বর্ণনাও দিয়ে থাকে।
৩. একজন ব্যক্তি কবির একটি জুতা সংগ্রহ করতে পেরেছেন। কাঁচের আধারে সাজানো আছে বৈঠকখানায়। কুমিল্লায় আমার শিক্ষক প্রয়াত প্রফেসর আমীর আলী চৌধুরীর বাড়িতে একটি তবলার ‘বায়া’ পরম যত্নে বৈঠকখানায় সংরক্ষিত ছিল। স্যারের দাদা জানুমিঞা চৌধুরী সংগীত প্রিয় আমুদে জমিদার ছিলেন, তাঁর বাড়িতে মাঝে মাঝে গানের জলসা বসত। কাজী নজরুল ইসলামও নাকি কোনো জলশায় যোগদান করেছিলেন এবং তবলার ‘বায়া’য় হাত রেখেছিলেন। তাই এই জিনিষটি নজরুল-স্পর্শিত স্মৃতি হিসেবে পরম যত্নে চৌধুরী ভিলায় দীর্ঘদিন ঐতিহ্য রক্ষা করেছিল। পরে স্যার তা ঢাকা নজরুল ইন্সটিটিউটে দিয়ে দেন ‘স্মৃতি সম্পদ’ হিসেবে সংরক্ষণের জন্য।
কাজী নজরুল ইসলামকে নিয়ে দুটি স্মৃতি-স্মারক বা চিহ্ন সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে, যার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। নজরুল ১৯২১ সালে এপ্রিলে কুমিল্লা মুরাদনগরে দৌলতপুরবাসী আলী আকবর খানের সঙ্গে কুমিল্লা এসেছিলেন। প্রথমে কুমিল্লা শহরে কান্দিরপাড় ইন্দ্রকুমার সেনগুপ্তের বাসায় এবং ২/৩ দিন থেকে মুরাদনগরের দৌলতপুর খাঁ বাড়িতে চলে যান। সেখানে তিনি দু’মাস ছিলেন। এ দু’মাসের মধ্যে প্রধান উল্লেখযোগ্য ঘটনা হলো- নজরুল-নার্গিস বিয়ে প্রসঙ্গ। এ নিয়ে বহু কথা, বহু গবেষণা হয়েছে, হচ্ছে এবং হবে। এখনও সুনিশ্চিতভাবে বিয়ে হয়েছে কিনা তা প্রামাণ্য বক্তব্য পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আমাদের আলোচনা নয়। আলোচনাটি হলো- নজরুল বিয়ের রাতেই বিয়ের আসর থেকে কিছু আনুষ্ঠানিকতা শেষ করে ভগ্নহৃদয়ে ক্ষুব্ধ হয়ে বিয়ের আসর থেকে (কুমিল্লার সেনপরিবার উপস্থিত ছিল) ও সেনপরিবারের বড় ছেলে বীরেন সেনগুপ্তের সঙ্গে নজরুল রাতেই কুমিল্লায় চলে আসেন। এ তথ্যটি এখন পর্যন্ত স্বীকৃত সত্য হিসেবে বিবেচনা করা হয়। অথচ বলা হচ্ছে নজরুল রাতে নয়, পরের দিন সকালে নাস্তা করে শান্তমনে সকলের সঙ্গে কথাবার্তা বলেই কুমিল্লা চলে এসেছেন এবং রাতে নজরুল-নার্গিসের বাসর রাত যাপিত হয়েছে। যে খাটে তাঁদের বাসর সজ্জা হয়েছে, তা খাঁ বাড়ি পরম যত্নে ঐতিহাসিক স্মারক হিসেবে সংরক্ষণ করে চলেছেন। যারা দৌলতপুর যাতায়াত করেন, তারা একবার হলেও এ স্মৃতি স্মারকটি দেখে আসছেন। যার কোনো ভিত্তি বা সত্যতা নেই। সবটাই প্রশ্নবিদ্ধ।
অন্যদিকে ১৯৯২ সালে নজরুল জন্ম জয়ন্তীতে মংমনসিংহের ত্রিশাল গিয়েছিলাম। নজরুল ইসলাম ত্রিশালের কাজীর শিমলা গ্রামের দারোগা কাজী রফিজুল্লার বাড়িতে ঘটনাক্রমে এসেছিলেন ১৯১৩-১৪ সালে। তখন তিনি সপ্তম শ্রেণির ছাত্র। অনেক ঘটনা। দারোগা বাড়িতে একটি খাট অতি যত্নে সংরক্ষিত আছে। বলা হচ্ছে- এ খাটে নজরুল ইসলাম ঘুমাতেন। কিন্তু আমি দারোগা সাহেবের জ্যেষ্ঠপুত্রের সাক্ষাৎকারে জেনে যাই, তা সর্বৈব মিথ্যা প্রচারণা। খাটটি দারোগা সাহেব তৈরি করেছেন, বাড়িতে আসলে এ খাটে ঘুমাতেন, বাকি সময় তাঁর মা ঘুমাতেন। নজরুল ইসলাম তখন এসেছেন কাজের ছেলে হিসেবে। তারপরও দারোগা সাহেব তাঁকে দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি করে দেন। ২/৩ মাস থাকার পর নজরুল ইসলাম এলাকার অন্য দু’বাড়িতে জায়গীর ছিলেন, অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর তিনি আসানসোল চলে যান। অথচ বলা হচ্ছে- দারোগা বাড়ির খাটটি নজরুল-ব্যবহৃত স্মৃতি-স্মারক। ভাবি-স্মৃতি সংরক্ষণে আমরা এতটা আগ্রহী কেন ? স্মৃতি যদি সত্যিকারের প্রেরণা দেয়, তাহলে তা হয়ত ঐতিহাসিক মূল্যবান স্মারক হিসেবে স্মরণযোগ্য। কিন্তু তা যদি আবেগাশ্রিত হয়ে বিভ্রান্তি ছড়ায়, তা তখন স্বাভাবিকভাবেই হাস্যস্পদ।
স্মৃতি-সংরক্ষণ, উগ্রতায় স্মৃতি ধ্বংস করা এটা কোন পর্যায়ে পড়ে জানি না। তাই মিথ্যা স্মৃতিরক্ষণে যেমন বিভ্রান্তি সৃষ্টি করে, অন্যদিকে ঐতিহাসিক স্মৃতি-স্মারক ধ্বংস হলে কষ্ট অনুভব করি। আসলে আমাদের মধ্যে প্রতিহিংসা, প্রতিশোধ, নষ্টামি, সংকীর্ণতা এতটাই বেড়ে গেছে, তাতে মানবিক বিষয়টি আর অবশিষ্ট নেই। তখনই প্রশ্ন জাগে- ইতিহাস কী বলে। ইতিহাসের নীরব বক্তব্য হচ্ছে- দেখে যাওয়া, সাক্ষী হিসেবে সামনে দাঁড়িয়ে বলে- ‘আমার থেকে শিক্ষা নেও। আমি সত্য, আমার ধ্বংস নেই। আমার কাছে তোমাকে আসতে হবেই। কারণ, আমি সত্যকে ধারণ করি, সত্যকে প্রতিষ্ঠিত করি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২