শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
আদর্শ ইসলামি পরিবার গঠনে ৬ করণীয়
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

পরিবার মানুষের প্রথম আশ্রয়, প্রথম পাঠশালা। একটি আদর্শ দ্বীনি পরিবার দুনিয়াতে যেন জান্নাতের একটি টুকরো। কেউ যদি দুনিয়াতেই জান্নাতের ছোঁয়া পেতে চান, তাহলে তাকে নিজের পুরো পরিবারকে আল্লাহর কাছে সমর্পণকারী ও দ্বীনদার বানানোর চেষ্টা করতে হবে।
আজকের সমাজে দ্বীনদার পরিবার গড়া সহজ নয়। চারদিকে ফিতনার হাতছানি, ঘরে ঘরে মোবাইল-ইন্টারনেটের অবাধ প্রবেশ, দাম্পত্য কলহ আর সন্তানদের দ্বীনবিমুখতা অনেক পরিবারকেই অস্থির করে তুলছে। আমরা চাই সন্তান আল্লাহওয়ালা হোক, কোরআন তিলাওয়াত করুক; কিন্তু সে ইচ্ছা অনেক সময় পূরণ হয় না। এর অন্যতম কারণ, আমরা পরিবারে শয়তানের প্রবেশদ্বারগুলো খোলা রেখে দিই।
কীভাবে গড়ে তোলা যায় একটি আদর্শ ইসলামি পরিবার? কোরআন ও হাদিসের আলোকে নিচে ১০টি করণীয় তুলে ধরা হলো।
১. বিয়ের আগে থেকে দোয়া করা
সবকিছুর আগে প্রয়োজন একটি দ্বীনি পরিবার গঠনের গুরুত্ব উপলব্ধি করা। মানুষ দ্বীন পালন করতে চায়, অথচ তার পরিবার যদি দ্বীনদার না হয়, তাহলে দ্বীনের ওপর চলা অনেক কঠিন হয়ে পড়ে। তাই এই চেষ্টার সূচনা হওয়া উচিত বিয়ের অনেক আগে থেকে। মানুষের বুঝ হওয়ার পর থেকেই আল্লাহর কাছে নেক জীবনসঙ্গী ও সন্তানের জন্য দোয়া করা উচিত, আর বিয়ের পরেও সেই দোয়া অব্যাহত রাখা উচিত।
আল্লাহ তাআলা সুরা ফুরকানে এ বিষয়ে একটি চমৎকার দোয়া শিখিয়েছেন। এ দোয়ায় শুধু নেক সন্তান চাওয়া হয়নি, বরং নিজেদের মুত্তাকিদের নেতা বানিয়ে দেওয়ার প্রার্থনাও করা হয়েছে, যেন আমাদের দেখে মানুষ তাকওয়া শিখতে পারে। দোয়াটি হলো:
বাংলা উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আ'ইউন, ওয়াজ'আলনা লিলমুত্তাকিনা ইমামা।
বাংলা অর্থ: হে আমাদের রব, আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখ জুড়িয়ে দেবে এবং আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূত্র: সুরা ফুরকান: ৭৪
২. দ্বীনদার মানুষের সান্নিধ্য ও উপযুক্ত পরিবেশ
পরিবারকে দ্বীনদার করে গড়ে তুলতে হলে দ্বীনদার মানুষের সান্নিধ্য ও সহবত অত্যন্ত জরুরি। পরিবেশ মানুষকে গড়ে, আবার ভাঙেও। তাই পরিবারের প্রতিটি সদস্যের জন্য উপযুক্ত দ্বীনি পরিবেশের ব্যবস্থা করা দরকার।
* পরিবারের নারীদের জন্য নারীদের একটি দ্বীনি সার্কেল, আর পুরুষদের জন্য পুরুষদের দ্বীনি সার্কেল থাকা প্রয়োজন।
* সন্তানদের জন্য এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নিন, যেখানকার শিশুরা জান্নাতের প্রত্যাশা করে, স্বপ্ন দেখে এবং জান্নাত অর্জনের চেষ্টা করে।
* দুনিয়ার মোহ ও ফিতনা থেকে তুলনামূলক নিরাপদ পরিবারের শিশুদের সঙ্গে আপনার সন্তানের মেলামেশার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ তাদের মধ্যেও দ্বীনি মানসিকতা তৈরি হবে।
৩. শয়তানের প্রবেশদ্বার বন্ধ করা
একটি আদর্শ দ্বীনি পরিবার গড়তে হলে শয়তানের প্রবেশদ্বারগুলো বন্ধ করতে হবে। বর্তমান সময়ে পরিবারে দ্বীনদারি চর্চার সবচেয়ে বড় বাধাগুলোর একটি এটি। প্রবেশদ্বারগুলো খোলা থাকলে আমরা চাইলেও সন্তান ও পরিবারকে ঠিকমতো দ্বীনের পথে রাখতে পারি না।
শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু সে মানুষের ভেতরে প্রভাব বিস্তার করে। হাদিসে এসেছে, শয়তান মানুষের রক্তের প্রবাহের সঙ্গে মিশে যেতে পারে (সহিহ বুখারি)। আমরা ভালো হতে চাইলেও অনেক সময় পারি না, কারণ শয়তান আমাদের দুর্বল করে ফেলে। তাই পরিবারকে সুরক্ষিত রাখতে প্রবেশদ্বার বন্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। পরের চারটি পয়েন্টে বাস্তব উপায়গুলো আলোচনা করা হলো:
ক. সন্ধ্যার সময় সতর্কতা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূর্য ডোবার সময় শয়তানের বিচরণ শুরু হয়। তাই সন্ধ্যার ওই সময়টিতে শিশুদের বাইরে না রেখে ঘরে রাখার চেষ্টা করা উচিত। প্রয়োজন হলে রাতে বের হওয়া যেতে পারে, সেটি আলাদা বিষয়। এই সময়টিতে পরিবারের সবাই মিলে ঘরে থেকে জিকির ও দোয়ায় মশগুল থাকলে তা পরিবারে দ্বীনি পরিবেশ গড়তেও সহায়ক হয়।
খ. টয়লেটের দরজা বন্ধ রাখা
টয়লেট শয়তানের আখড়া হিসেবে পরিচিত। তাই টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। ছোট শিশুদেরও শুরু থেকেই এই অভ্যাস শেখাতে হবে।
গ. বিসমিল্লাহ ও সালাম বলে ঘরে প্রবেশ করা
হাদিসে বর্ণিত হয়েছে, আমাদের প্রত্যেকের সঙ্গে একটি করে শয়তান থাকে, যে ঘরে প্রবেশ করতে চায়। কিন্তু কেউ বিসমিল্লাহ ও সালাম বলে ঘরে ঢুকলে শয়তান আর ঢুকতে পারে না। শয়তানদের নেতা তার সঙ্গীদের বলে, এই ঘরে আজ রাতে থাকার কোনো সুযোগ নেই, কারণ লোকটি বিসমিল্লাহ বলে প্রবেশ করেছে।
তাই বাসায় যত মানুষ প্রবেশ করবে, সবার জন্য এটি অভ্যাসে পরিণত করতে হবে। এর মধ্যে ছোট শিশু ও কাজের লোকও আছে।
* মোবাইল টিপতে টিপতে নয়, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকুন।
* রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ ও লক করুন।
* বিসমিল্লাহ বলে খাবার-পানীয়সহ প্রয়োজনীয় জিনিস ঢেকে রাখুন।
ঘ. সকাল-সন্ধ্যার মাসনুন আমল
প্রতিটি পরিবারে সকাল-সন্ধ্যা ও ঘুমের আগের মাসনুন দোয়ার একটি ছোট পুস্তিকা থাকা উচিত। অনেকে শয়তান ও বিপদ থেকে বাঁচতে তাবিজের ওপর ভরসা করেন। অথচ তাবিজ ঝুলিয়ে যদি শয়তান থেকে বাঁচা যেত, তাহলে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিরা এত আমল ও দোয়া করতেন না। তাই তাবিজের ওপর নির্ভর না করে নবীজির শেখানো আমলগুলো নিয়মিত করতে হবে। এগুলো পরিবারে চর্চা করলে আল্লাহ তাআলা আমাদের ও আমাদের সন্তানদের শয়তান থেকে নিরাপদ রাখবেন, ইনশাআল্লাহ।
৪. সংসারের শুরু থেকেই সুরক্ষার দোয়া
পরিবার সুরক্ষার এই প্রক্রিয়া শুরু হয় বৈবাহিক জীবনের সূচনা থেকেই। নবীজি (সা.) স্বামী-স্ত্রীর মিলনের সময় একটি দোয়া পড়তে শিখিয়েছেন:
বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা।
বাংলা অর্থ: হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন, তাকেও শয়তান থেকে নিরাপদ রাখুন।
সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়া, শয়তান থেকে তার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সে যেন মুত্তাকি হয়, সেজন্য আগে থেকেই দোয়া করা, এ সবকিছুই পরিবারকে সুরক্ষিত করার প্রচেষ্টা।
৫. ঘর থেকে হারাম বিষয় দূর করা
কেয়ামত যত ঘনিয়ে আসছে, পরিবারকে ধ্বংস করার জন্য ফিতনাও তত বাড়ছে। আমরা অনেক সময় নিজেদের অজান্তেই ঘরে শয়তানের অবাধ প্রবেশাধিকার দিয়ে রাখি। যেমন মোবাইল বা ইউটিউবে কোনো দরকারি জিনিস দেখার সময় ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে থাকে। এমন কি লিফটেও এখন মিউজিক বাজানো হয়। অথচ গান-বাজনাকে শয়তানের অন্যতম বড় অস্ত্র বলা হয়। তাই ঘর থেকে গান-বাজনা দূর করতে হবে।
একইভাবে প্রাণীর ছবি, ভাস্কর্য ও মূর্তি থেকে ঘরকে মুক্ত রাখতে হবে। হারাম কাজ থেকে ঘর বাঁচিয়ে রেখে মাসনুন আমলগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ শয়তানের প্ররোচনা থেকে মুক্ত থাকা সম্ভব।
৬. ঝগড়ার পর আগে এগিয়ে এসে সালাম দেওয়া
স্বামী-স্ত্রীর মধ্যে বিনা কারণে ঝগড়া ও মনোমালিন্যের পেছনেও শয়তানের বড় ভূমিকা থাকে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেছেন, শয়তান অন্য যে কোনো গুনাহে যতটা খুশি হয়, তার চেয়ে বহুগুণ বেশি খুশি হয় একটি দম্পতির মধ্যে ভাঙন ধরাতে পারলে। অথচ আজ ঘরে ঘরে এই চিত্রই বেশি দেখা যাচ্ছে।
যে পরিবারের সদস্যরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তাদের মধ্যে ঝগড়া হলেও আল্লাহর দিকে তাকিয়ে, হাদিসের কথা স্মরণ করে তারা যেন নরম হয়ে যান।
* ‘সরি’ বলতে দ্বিধা করেন না।
* নিজে আগে বেড়ে সালাম দিয়ে মনোমালিন্য দূর করার উদ্যোগ নেন।
* আল্লাহর কাছে মহা পুরস্কারের আশায় ছাড় দেন।
এভাবেই তাঁরা প্রকৃত সুখের সন্ধান পান। সবাই যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যায়, তাহলে পরিবারে আর কোনো বড় সংকট থাকবে না, ইনশাআল্লাহ।
শেষ কথা
পরিবারের প্রতিটি সদস্য যদি দ্বীনি মানসিকতা লালন করে, কোরআন-হাদিসের মধ্যেই জীবনযাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে সেটি প্রকৃত আদর্শ দ্বীনি পরিবার হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সবার পরিবারকে এমন আদর্শ পরিবার গঠন করার তাওফিক দান করুন, যে পরিবারের সদস্যরা আল্লাহর কাছে নিজেদের সঁপে দিয়েছেন এবং আনুগত্যের লাগাম তুলে দিয়েছেন আল্লাহ ও তাঁর রাসুলের হাতে, আমিন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২