শাহীন আলম ।।
কুমিল্লার দেবিদ্বারে তিন রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার সত্যতা পাওয়ায় এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও আরও ২৩ জন বিদেশী নাগরিককে জন্মসনদ প্রদানের বিষয়টির সত্যতা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
বরখাস্ত হওয়া ওই প্যানেল চেয়ারম্যান হলেন, দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। তিন রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দেওয়ার ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকেও একই অভিযোগে বরখাস্ত করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এর আগে গত ১১ নভেম্বর রাষ্ট্রপ্রতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বরখাস্তের আদেশ প্রদান করা হয়।
আদেশে বলা হয়েছে, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন এর বিরুদ্ধে তিন রোহিঙ্গার অনুকূলে জন্মনিবন্ধন সনদে ইস্যুকৃত স্থায়ী ঠিকানার সত্যতা পাওয়া যায়নি এবং সনদধারীরা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নয় মর্মে তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির নিকট হস্তান্তর, সচেতনতার অভাব, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন কর্তৃক সংগঠিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। স্থানীয়সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. কামরুজ্জামান মাসুদের অনুপস্থিতিতে ইউপি সদস্য সালাহ উদ্দিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পান। পরে ২০২৫ সালের ৪ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার উত্তর রুমালিয়াছড়া পূর্বাংশ এলাকার রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হলে চলতি বছরের ২ আগষ্ট স্থানীয় এক বাসিন্দা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর পৃথক তিনটি লিখিত অভিযোগ দেন। পরে ৬ আগষ্ট কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি প্রায় তিন মাস অভিযোগের সত্যতা পেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি-১ শাখায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে গত ১১ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারীর মাধ্যমে প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত প্যানেল চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, আমি এমনিতেই চেয়ারম্যান অফিসে যাইনা। তবে বরখাস্তের কোন আদেশ এখনও পায়নি। এর বেশি কিছু জানিনা।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিনের বরখাস্ত হওয়ার বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো অফিসিয়াল কোন আদেশ পায়নি।
এই বিষয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, প্যানেল চেয়ারম্যান সালাহ উদ্দিন বরখাস্তের এখনও কোন আদেশ হাতে আসেনি। তবে আমি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। আমার কাছে ২৩ জনের জন্মনিবন্ধনের তালিকা দেওয়া হয়েছিলো। সরেজমিনে তদন্তে গিয়ে এসবের কারও স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। এই কারণে প্রতিবেদনে আমি জন্মনিয়ন্ত্রণগুলো বাতিলের সুপারিশ করেছি।
