আমিনুল ইসলাম সুজন ।।
শিশু থেকে বৃদ্ধ-সবাই সড়ক ব্যবহারকারী। লেখাপড়া, চাকরি বা ব্যবসা, বেড়ানো বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ-এমন নানা প্রয়োজনে মানুষ সড়ক ব্যবহার করে। কেউ হেঁটে, কেউ ব্যক্তিগত বা গণপরিবহন ব্যবহার করে এক স্থান থেকে অন্যত্র যাতায়াতে সড়ক ব্যবহার করে। কিন্তু এই সড়কই কখনো কখনো মর্মান্তিক হয়ে উঠে।
দ্রুত গতি ও দুটি বা একাধিক যানবাহনের দ্রুত গতিতে গাড়ি চালানোর প্রতিযোগিতা, মেয়াদউত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি চালানো, অনিরাপদ সড়ক ডিজাইন, পথচারীদের নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকা, তিন চাকার বাহনে চলাচল, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার না করা, চালকের লাইসেন্স না থাকা, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার ও অসতর্কতা, ট্রাফিক আইন না মানা, যত্রতত্র যাত্রী উঠানামা করা ইত্যাদি কারণে দেশের সড়কগুলো মারাত্মক অনিরাপদ হয়ে উঠেছে।
ফলে প্রতিদিন সড়কে মানুষ মারা যাচ্ছে। কোনো কোনো পরিবারের উপার্জনক্ষম বা সম্ভাবনাময় ব্যক্তি মারা যাচ্ছে। কোনো কোনো পরিবারে একাধিক সদস্য মারা যাচ্ছে। কোনো পরিবারে বাবা-মা মারা যাওয়ায় শিশুসন্তান সুখী পরিবার হতে অনাথ শিশু হয়ে বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে, সম্ভাবনারও সমাধি ঘটছে। কোনো কোনো পরিবারের সব সদস্য একসঙ্গে মারা যাচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের কবরে মাটি দেওয়া বা মুখাগ্নি করার মতো কেউ থাকছে না।
অর্থাৎ, রোড ক্র্যাশের কারণে কোনো কোনো পরিবার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এ সংখ্যা নেহায়েত কম নয়। সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন-এর গবেষণায় জানা গেছে, ৭ বছরের কম সময়ে রোড ক্র্যাশে ৩০০টি পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে প্রায় ৪টি পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই শূন্যতা কোনো কিছুর বিনিময়েই পূরণ করা যাবে না।
চলতি সপ্তাহেই এমন একটি ঘটনায় তিনজনের পরিবারে সবাই মারা যায়। ১১ নভেম্বর ২০২৬ বেলা আড়াইটায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সড়কে চলন্ত একটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা দেয়।
এতে একই পরিবারের তিনজন যথাক্রমে মোটরসাইকেল চালক মামুন হোসেন আশরাফুল, তার স্ত্রী শিশু আক্তার ও তাদের ৮ বছরের সন্তান আরাফাত হোসেন মারা যায়। মর্মান্তিক এ ঘটনায় আশরাফুলের পরিবার এ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, উড়াল সড়কে কোনো ক্যামেরা না থাকায় কোন গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি।
দ্রুত গতির কারণে প্রতিনিয়ত এমন মর্মান্তিক রোড ক্র্যাশের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। অনেক কর্মক্ষম মানুষ মারা যাচ্ছে, অনেকে চিরতরে কর্মক্ষমতা হারিয়ে পরিবার ও রাষ্ট্রে বোঝা হয়ে উঠছে। অনেক স্বপ্নের সমাধি ঘটছে। পরিবারের কোনো সদস্য জীবিত না থাকায় সাধারণত এমন ঘটনায় মামলা হয় না, কিংবা পুলিশ বা আত্মীয়দের কেউ বাদী হয়ে মামলা করলেও পরিবারের সদস্য না থাকায় মামলার তদারকি হয় না।
ফলে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তদন্ত হয় না। যে কারণে মর্মান্তিক এসব রোড ক্র্যাশের প্রকৃত কারণ জানা সম্ভব হচ্ছে না। ঘটনাসমূহ সঠিকভাবে নথিবদ্ধ হচ্ছে না। অথচ এসব ঘটনার প্রকৃত স্থান ও কারণ জানা গেলে সেসব বিষয় সমাধানে উদ্যোগ নেওয়া যেত।
যেমন ঘটনাস্থলে যদি হঠাৎ কোনো বাঁক থাকে বা এমন কোনো অবকাঠামো থাকে যা স্বাভাবিক গাড়ি চালনায় প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে সে বাঁক নিরাপদ করা বা অপ্রয়োজনীয় অবকাঠামো সরিয়ে সড়কের সে স্থানটি নিরাপদ করা যায়। যদি অতিরিক্ত গতির কারণে রোড ক্র্যাশ হয়ে থাকে তাহলে গতি নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়ন ও এ সম্পর্কে চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া যেত।
যদি ফিটনেসবিহীন যান বা লাইসেন্সবিহীন চালকের কারণে রোড ক্র্যাশ হয়ে থাকে তবে সড়কে এমন অকেজো যান বা লাইসেন্সবিহীন চালক কর্তৃক গাড়ি চালানো বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর উদ্যোগ নিতে পারে।
তাই, যেকোনো রোড ক্র্যাশের ঘটনায় নিহতদের স্মরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য সঠিক তদন্ত হওয়া জরুরি। একমাত্র সঠিক তদন্ত হলেই সড়কে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এতে প্রকৃত কারণ অনুসন্ধানের মাধ্যমে ভবিষ্যৎ রোড ক্র্যাশ প্রতিরোধও করা সম্ভব হবে।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে রোড ক্র্যাশে হতাহতদের স্মরণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ও রোড ক্র্যাশ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উদযাপিত হয়ে আসছে। প্রতিবছর নভেম্বর মাসে তৃতীয় রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত এ উদযাপন করা হয়।
১৯৯৩ সালে যুক্তরাজ্যে দাতব্য সংস্থা ‘রোডপিস’ দিবসটি উদযাপন শুরু করে, যা ১৯৯৪ সাল থেকে ‘ইউরোপিয়ান ফেডারেশন অব রোড ট্রাফিক ভিকটিমস’-এর মাধ্যমে ইউরোপে এবং ১৯৯৫ সাল থেকে আফ্রিকা, এশিয়া, আমেরিকা মহাদেশে ছড়িয়ে পড়ে, যা দ্রুত বৈশ্বিক দিবসে পরিণত হয়।
২০০৪ সালে ‘ইউএন রোড সেফটি কোলাবোরেশন ফোরাম’ গঠনকালে দিবসটি স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় এবং ২০০৫ সালে জাতিসংঘ বৈশ্বিক দিবস হিসাবে ঘোষণা করে। গত কয়েক বছর, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বাংলাদেশেও এ দিবসটি উদযাপন করছে।
২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘জবসবসনবৎ, ঝঁঢ়ঢ়ড়ৎঃ ধহফ অপঃ.’ অর্থাৎ সড়কে হতাহতদের মনে রাখুন, সমর্থন করুন এবং প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করুন। এতে সড়কে নিহতদের জীবনের মূল্য, স্বপ্ন ও স্বজনদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের অনুপ্রেরণার স্মৃতি স্মরণ, হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকা, সহানুভূতিশীল ও সচেতন সমাজ গড়ে তুলতে একসঙ্গে কাজ করা, সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক গড়ে তোলার কথা বলা হয়েছে। যেমন ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার বা সড়ক ব্যবহার করা, নিরাপদ চলাচলকে উৎসাহিত করা এমন কিছু পদক্ষেপ নেওয়া, যা জীবন বাঁচাতে পারে।
রোড ক্র্যাশের কারণে আঘাত বা মৃত্যু ক্ষতিগ্রস্ত ব্যক্তির জীবনে ও পরিবারে গতির ছন্দপতন ঘটায়, সার্বিকভাবে উৎপাদনশীলতা ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলে। পরিসংখ্যান বলছে, রোড ক্র্যাশে মৃত্যুর বেশিরভাগই শিশু ও তরুণ, যারা দেশের সম্ভাবনাময় এবং কর্মক্ষম অংশ। যারা দেশের জন্য আরও অবদান রাখতে পারে।
রোড ক্র্যাশে শুধু মানুষ মারা যায় না, সঙ্গে তাদের মেধা, আইডিয়া ও সমাজে তাদের সম্ভাব্য প্রতিফলন-সেটারও বিনাশ ঘটে। অকালে হারিয়ে যাওয়া এই মানুষদের স্মরণ করে ভবিষ্যতে যেন এমন অকালমৃত্যু না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া জরুরি। পরিসংখ্যানে দেখা যায়, রোড ক্র্যাশে মারা যায় বেশি অল্পবয়সী, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী, যারা পরিবার ও সমাজে অনেকদিন ভূমিকা রাখতে পারত। কিন্তু সড়কে অকালমৃত্যুর কারণে তাদের সম্ভাব্য অবদান থেকে শুধু সংশ্লিষ্ট পরিবারই বঞ্চিত হয় না, একইসঙ্গে সমাজ ও রাষ্ট্র সম্ভাব্য সৃজনশীলতা ও উৎপাদনশীলতা থেকে বঞ্চিত হয়।
বিশ্বব্যাপী রোড ক্র্যাশের প্রভাব ব্যাপক। বিশ্বে, এ কারণে বছরে প্রায় ১২ লাখ মানুষ মারা যায় এবং ৫০ লাখ মানুষ মারাত্মকভাবে আহত বা দীর্ঘস্থায়ী ও চিরস্থায়ী পঙ্গুত্বের শিকার হয়। দুঃখজনক হচ্ছে, ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ রোড ক্র্যাশ। এ কারণে সড়কে এসব অনাকাক্সিক্ষত মৃত্যু প্রতিরোধকে বিশ্বব্যাপী গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাতিসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)’র ৩.৬ নং লক্ষ্য ‘বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা অর্ধেক কমিয়ে আনা’ নির্ধারণ করেছে। এছাড়া এসডিজি’র ১১.২ নং লক্ষ্যে বলা হয়েছে, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রবীণ মানুষের চাহিদার প্রতি দৃষ্টি রেখে ২০৩০ সালের মধ্যে নিরাপদ, সাশ্রয়ী, সুলভ ও টেকসই পরিবহণ ব্যবস্থায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করা।
বাংলাদেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠার মাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ১৯৯৩ সালে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেন। এত বছর পার হলেও সড়ককে নিরাপদ করা যায়নি।
প্রতিনিয়ত সড়কে মানুষ মারা যাচ্ছে, যাদের অনেকে অসম্ভব মেধাবী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত ও পরিচিত ছিলেন। যেমন সাংবাদিক মিশুক মুনীর ও তারেক মাসুদ-যারা ২০১১ সালে সড়কে প্রাণ হারান। বাংলাদেশে টিভি সাংবাদিকতায় আধুনিকতা ও সৃজনশীলতা এনেছিলেন মিশুক মুনীর, অনেক প্রতিভাবান সাংবাদিকও তৈরি করেছিলেন। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্রের তারেক মাসুদ একজন অসাধারণ প্রতিভাবান পরিচালক হিসাবে সমাদৃত। তার নির্মিত চলচ্চিত্র দেশে ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়, অনেক জাতীয় ও আন্তর্জাতিক অনেক সম্মাননা লাভ করে।
যাদের অনেকে সমাজ ও দেশকে দেওয়ার মতো বয়সে ছিলেন। যেমন আরিফুল ইসলাম ও সৌভিক অর্জুন। রাজনীতিতে আরিফুল ইসলাম একজন প্রতিভাবান সংগঠক ছিলেন, নেতৃত্ব গুণের কারণে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর একজন সাধারণ সমর্থক হতে তিনি কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। ২০১০ হতে ২০২৩ সাল সময়কালে জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন আরিফুল ইসলাম। ২০১৮ সালে নিরাপদ সড়কের আন্দোলনের অগ্রণী সৈনিক ছিলেন। তিনি নিজে তার ঘনিষ্ঠ বন্ধু গীতিকার, সুরকার, কবি, লেখক সৌভিক অর্জুনসহ অকালে মারা যান। সৌভিকের অসাধারণ কিছু গান ও কবিতা রয়েছে। তার লেখা নিয়ে একাধিক বই রয়েছে। সৌভিক অর্জুন সমসাময়িকদের মধ্যে সৃজনশীলতায় অন্যতম হয়ে উঠেছিলেন।
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের কথা যখন আসলই, তখন এর প্রেক্ষাপট তুলে ধরতে হয়। ২০১৮ সালে রমিজউদ্দিন স্কুলের দু’জন কিশোর বয়সী শিক্ষার্থীকে (আবদুল করিম রাজীব ও দিয়া খানম মীম) আমরা সড়কে হারিয়েছিলাম তারাও সমাজ ও রাষ্ট্রকে তাদের মেধার পরিচয় দিতে পারত। সে সময় সারাদেশে নিরাপদ সড়কের আন্দোলন ছড়িয়ে পড়ে। ফলে তৎকালীন সরকার বাধ্য হয়ে তড়িঘড়ি করে সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করে।
এ ধারাবাহিকতায় যান্ত্রিক যান গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রণীত হয়-যার মাধ্যমে সড়ক ও যানের ধরণ অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়, যা নিম্নরূপ:
-এক্সপ্রেসওয়ে ও এ-ক্যাটাগরির জাতীয় মহাসড়কে কার, মাইক্রো, জিপ ও বাস-মিনিবাস-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কি.মি., ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যানের গতি ঘণ্টায় ৫০ কি.মি., ও মোটরসাইকেল-এর গতি ঘণ্টায় ৬০ কি.মি.;
-বি-ক্যাটাগরির মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে কার, মাইক্রো, জিপ ও বাস-মিনিবাস-এর গতি ৭০ কি.মি., ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যানের গতি ৪৫ কি.মি., ও মোটরসাইকেল-এর গতি ঘণ্টায় ৫০ কি.মি.;
-জেলা সড়কে সর্বোচ্চ কার, মাইক্রো, জিপ ও বাস-মিনিবাস-এর গতি ঘণ্টায় ৬০ কি.মি., ট্রাক, কাভার্ড ভ্যানের সর্বোচ্চ ৪০ কি.মি. ও মোটরসাইকেলের গতি ৫০ কি.মি.;
-শহরের মধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কে কার, মাইক্রো, জিপ, বাস-মিনিবাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ কি.মি. এবং ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের গতি ঘণ্টায় ৩০ কি.মি.;
-শহরে দুই লেন বিশিষ্ট ও অবিভক্ত সড়কে কার, মাইক্রো, জিপের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০ কি.মি. মোটরসাইকেলের গতি ৩০ কি.মি./ঘণ্টা;
-শহরের অন্যান্য সড়কে মোটর গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কি.মি. এবং মোটরসাইকেলের গতি ঘণ্টায় ২০ কি.মি. নির্ধারণ করা হয়েছে;
-সব ধরনের মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে থ্রি-হুইলার নিষিদ্ধ করা হয়েছে। জেলা/উপজেলা ও গ্রামীণ বা শহরে সড়কে অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারবে, সেক্ষেত্রে সর্বোচ্চ গতি ৩০ কি.মি./ঘণ্টা রাখা হয়েছে।
সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে বেশি মানুষ মারা যায়। তাই, গতিসীমা নির্দেশিকা সম্পর্কে প্রচারণা ও এ গতিসীমা বাস্তবায়নে জোরালো পদক্ষেপ প্রয়োজন। ঢাকায় ছোট গাড়ির আধিক্য যানজটের অন্যতম কারণ। আবার যানজট থেকে মুক্ত হলে বেপরোয়া গতি লক্ষ্য করা যায়।
রাত ৮ টার পর হতে সকাল ৮ টা সময়কালে বা ছুটির দিনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো লক্ষ্য করা যায়। অতিরিক্ত গতি পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহীদের ঝুঁকি বৃদ্ধি করে। আবার, ব্যাটারি রিকশার আধিক্য ও এগুলোর গতিও ঝুঁকিপূর্ণ।
সর্বোপরি, শহরের সড়ক সমূহকে টেকসই ও নিরাপদ করার জন্য সব নাগরিকের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা প্রয়োজন। গাড়ি চালকরা গতিসীমা মেনে গাড়ি চালালে সড়ক নিরাপদ হয়ে উঠবে। মোটরসাইকেল ও বাইসাইকেলে মানসম্মত হেলমেট ব্যবহার করলে মাথার ইনজুরি ও মৃত্যুঝুঁকি কমে আসবে।
ব্যক্তিগত গাড়িতে সিটবেল্ট ব্যবহার করলে মারাত্মক আহত হওয়ার ঝুঁকি কমবে। সড়ক ব্যবহারকারীগণ জেব্রা ক্রসিং ও সিগনালে চারিদিক দেখে সড়ক পার হলে এবং যানবাহন জেব্রা ক্রসিংয়ে নিয়ম মতো দাঁড়ালে পথচারীদের মৃত্যু কমে আসবে।
আসুন, সড়কে হতাহতদের, বিশেষ করে নিশ্চিহ্ন হয়ে যাওয়া পরিবারগুলোকে স্মরণ করি। সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনতে ভূমিকা রাখি। সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলি।
লেখক: নীতি বিশ্লেষক; কোষাধ্যক্ষ, পরিবেশ বাঁচাও আন্দোলন
