সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
ভুলের দায় নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:২৩ এএম |

ভুলের দায় নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলেই স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচের শেষ দিকে গোল হজম করে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিকদের। সেই ভুলের দায় স্বীকার করে সমর্থক, সতীর্থ ও কোচদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের এই গোলরক্ষক।
গতকাল শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৮৬ মিনিটে আবদুস সামাদ শাহজাদ গোল করে পাকিস্তানকে লিড এনে দেন। এই আক্রমণের শুরুটা হয়েছিল শ্রাবণের ভুল থেকে। এর আগে পুরো ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তের ওই ভুল আর শুধরে নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ।
ম্যাচের পরদিন আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন শ্রাবণ। তিনি লেখেন, ‘গত রাতে স্বপ্ন দেখেছিলাম, আপনাদের সবার সঙ্গে আনন্দ উদ্‌যাপন করব। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’
নিজের ভুলের কথা স্বীকার করে তিনি আরও লেখেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
শ্রাবণের ভুলের পরও তাকে এককভাবে দায়ী করতে চাননি অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি বলেন, দলের কোনো একজনকে দোষারোপ করা উচিত নয়। প্রধান কোচ থমাস ডুলিও তরুণ গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন। তার মতে, ফুটবলাররা রোবট নন, ভুল হতেই পারে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২