
সাফ চ্যাম্পিয়নশিপে আজই প্রথম ভিএআর প্রয়োগ হয়েছে। প্রথমার্ধে ভিএআর প্রয়োগ হয়নি। দ্বিতীয়ার্ধে ভিএআর প্রয়োগ হয়েছে একাধিকবার। ভিএআরের সিদ্ধান্তগুলো ভারতের বিপক্ষেই গেছে বেশি। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ নওশাদ জামিল ভিএআর নিয়ে খানিকটা রসিকতা করেছেন।
ভারতীয় কোচ নওশাদ মুসা বলেন, ‘কোনোভাবেই এটা আমার ভালো লাগেনি (হাসি)। একটি গোল আরেকটি পেনাল্টি বাতিল। তাই আমি ভিএআর ঘৃণা করি (হাসি)।’ প্রযুক্তি ভুল সিদ্ধান্ত দেয় না সাধারণত। তাই পরক্ষণে সাফের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুসা, ‘এটা ভালো উদ্যোগ, আশা করি পরবর্তী ম্যাচে কাজে লাগবে আমাদের।’
ভুটানি কোচ গ্যারী ফিলিপস অবশ্য ভিএআর প্রয়োগ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন, ‘ভিএআর হওয়ায় খুব ভালো হয়েছে। এটা গ্রুপ পর্যায়ের খেলায় থাকলে আরো সুন্দর হতো।’ ভুটানের কোচ পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ভুটানের ফুটবল উন্নতির দিকে রয়েছে। আশা করি অন্য টুর্নামেন্টেও এর ধারাবাহিকতা থাকবে।’
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চাওয়া নিয়ে ভারতীয় কোচের মন্তব্য, ‘যে কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলতে আমি ভালোবাসি। আমি ফুটবল খেলতে ভালোবাসি। প্রতিপক্ষ বাংলাদেশ হতে পারে, পাকিস্তানও হতে পারে।’
ভারতের কোচ মুসা ১৯৯৭ সালে খেলোয়াড় হিসেবে সাফ চ্যাম্পিয়ন হয়েছেন। এবার কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এ নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য একটি মধুর স্মৃতি। আশা করি কোচ হিসেবেও চ্যাম্পিয়ন হতে পারব।’ ভারত ফাইনালে উঠলেও তিন ম্যাচেই দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেনি তারা। ম্যাচ পরবর্তী সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করলে ভারতীয় কোচ একমত পোষণ করে বলেন, ‘এটা আমারও প্রশ্ন। আমি খেলোয়াড়দেরও এই প্রশ্ন করেছি।’
