রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১:০৪ এএম |

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা
জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনা লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে। প্রথমার্ধে আর্জেন্টিনাই সবচেয়ে পরিষ্কার সুযোগগুলো পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। গোলশূন্য স্কোরে বিরতিতে যাওয়ার পর দুটি গোল হজম করে স্বাগতিকরা। তারপর একটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি।
দ্বিতীয়ার্ধে লিওনার্দো বালের্দির অস্বাভাবিক ক্লিয়ারেন্স আত্মঘাতী গোলে পরিণত হলে উরুগুয়ে এগিয়ে যায়। কয়েক মিনিট পর ম্যাক্সি আরাউহো সফরকারীদের ২-০ গোলে এগিয়ে দেন। তারপর হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ দিয়ে আর্জেন্টিনার মনে আশা জাগান। কিন্তু ডিয়েগো ফোরলানের অধীনে উরুগুয়ে তৃতীয় জয়ের দেখা পায়।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। ৭২ শতাংশ বল দখলে রেখেছিল তারা। লক্ষ্যে শট নিয়েছিল ছয়টি, বিপরীতে উরুগুয়ে তিনটি। সফরকারী দলের কিপার ক্রিস্টোফার ফিয়ারমারিন ৫ সেভে আর্জেন্টিনাকে হতাশ করেন। জেরোনিমো রুলি করেন দুটি সেভ।
মেসির অবসরের পর এই ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরল আর্জেন্টিনা। চলতি বছর আরেকটি ম্যাচ খেলবে তারা। ১৭ নভেম্বর কর্দোবায় তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এটি ছিল দুই দলের ১৯৮তম রিও দে লা প্লাতা ডার্বি। ৯২ হারের বিপরীতে উরুগুয়ে ৫৯তম জয় পেল, ড্র ৪৬টি।
গত মাসে বেনিনের বিপক্ষে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেন। ২০৭তম ম্যাচ খেলে ১২৫তম গোল করে ইতি টানেন আন্তর্জাতিক ক্যারিয়ারের।
৩৯ বছর বয়সী গ্রেটের অনুপস্থিতিতে উরুগুয়ের রক্ষণ ভাঙতে ঘাম ছুটেছে আর্জেন্টিনার। নিকো পাস প্রথমার্ধে বড় সুযোগ তৈরি করেন। কিন্তু তার শট ভালোভাবে রুখে দেন ফিয়ারমারিন।
হাফটাইমের পর ৪৮ মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। বাঁ দিক থেকে জর্জিয়ান দে আরাসকায়েতার ফ্রি কিক আর্জেন্টিনার রক্ষণভাগকে এলোমেলো করে দেয়। ম্যানইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়ে বালের্দির শরীরের পেছনে লেগে আত্মঘাতী গোল হয়।
দে আরাসকায়েতা ৫৩তম মিনিটে উরুগুয়ের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন। তার কর্নার আরাউহোর কাঁধে লেগে উঁচুতে উঠে জালে জড়ায়। ৭৮ মিনিটে আলভারেজ একটি গোল শোধ দেন। স্টপেজ টাইমেও একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু শেষ হাসি হাসে উরুগুয়ে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২