রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
৪৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে থামাতে প্রস্তুত ইংল্যান্ড
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১:০৪ এএম |

৪৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে থামাতে প্রস্তুত ইংল্যান্ড

টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন। বিশ্ব ও ইউরোপীয় চ্যাম্পিয়নদের সেই দুর্দান্ত যাত্রায় এবার ইতি টানতে চায় ইংল্যান্ড। দলটির কোচ টমাস টুখেল মনে করেন, স্পেনকে হারানোর সামর্থ্য তার দলের আছে। এ জন্য নিজেদের সেরাটা দিতে হবে ইংল্যান্ডকে।
আগামী রোববার মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। গত সেপ্টেম্বরে ওয়েম্বলিতে প্রথম লেগে স্পেনের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ টুখেলের দলের সামনে।
ম্যাচের আগে টুখেল বলেছেন, ‘এটি বিশাল একটি স্টেডিয়াম, বড় একটি উপলক্ষ। স্পেন এমন একটি দল, যারা যেন হারতে ভুলে গেছে। তাই তাদের বিপক্ষে জিততে হলে আমাদের অসাধারণ পারফরম্যান্স করতে হবে। সেটা করতে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’
ইংল্যান্ড কোচ আরও বলেন, ‘আমার মনে হয়, আমরা সেই জায়গায় পৌঁছেছি এবং রোববার জয়ের জন্য প্রস্তুত। কী করতে হবে, তা আমি জানি। কেউই জয়ের নিশ্চয়তা দিতে পারে না। তবে নিজেদের সামর্থ্য যাচাই করার এবং সীমা ছাড়িয়ে যাওয়ার এটাই সময়।’
আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান টুখেল। তার ভাষায়, ‘ঘরের মাঠে আমরা যেভাবে খেলেছিলাম, একই মানসিকতা নিয়ে খেলতে হবে। আক্রমণ করতে হবে, ম্যাচটিকে শারীরিক লড়াইয়ে পরিণত করতে হবে এবং নিজেদের শক্তি কাজে লাগাতে হবে।’
স্পেনকে অজেয় মনে করেন না টুখেল। ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, ‘স্পেনও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হারিয়েছে এবং প্রতিপক্ষকে বড় সুযোগ দিয়েছে। তবে শেষ পর্যন্ত তারা জিতেছে। তাই কেউই অপরাজেয় নয়। আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা আত্মবিশ্বাসী এবং উন্নতি করছি।’
বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে স্পেনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিয়েছে ইংল্যান্ড। এবার টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে রোববারের লড়াইটি হতে যাচ্ছে টুখেলের দলের জন্য বড় পরীক্ষা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২