প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর ভূশ্চি (বাজারবাড়ি) এলাকায় পূর্ববিরোধের জেরে মায়া বিবির পরিবারের ওপর হামলা, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, বসতবাড়ির প্রধান ফটকসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় মায়া বিবি (৫৫) নামে এক নারী লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,মায়া বিবির সঙ্গে একই গ্রামের মিয়ার ছেলে আবুল খায়ের (৫৫) ও অন্য কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক ও সমঝোতার চেষ্টা হলেও বিরোধের স্থায়ী কোনো সমাধান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে মায়া বিবি উল্লেখ করেন, গত ১১ নভেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি ও বিবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন ১২ নভেম্বর ২০২৬ ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা এবং বাড়ির প্রধান ফটকসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
মায়া বিবির দাবি, ঘটনার পর থেকে তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এতে পরিবারের জানমাল ও বসতবাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল খায়ের (৫৫) বলেন,তাদের সাথে আমার সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে, বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের বিষয়ে আমি কিছুই জানি না।
ভূশ্চি তদন্ত কেন্দ্রের এএসআই ফখরুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে সবকিছু ভিডিও করে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা হয়।
লালমাই থানা অফিসার ইনচার্জ মো : মিজানুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
